ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুর ইউনিয়ন তওয়ারিগাও গ্রামে এক শিশুকে (৫) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা শফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আটক শফিকুল একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই শিশুকে বাড়ির পাশে একটি ভুট্টার ক্ষেতে জোর করে ধরে নিয়ে যায় শফিকুল ইসলাম। পরে তাকে ধর্ষণের পর শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে। পরে শফিকুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শিশুর পরিবার ও স্বজনরা জানায়, সকালে শিশু কন্যাকে বাড়িতে রেখে মা-বাবা মাঠে কাজ করতে চলে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পান বাড়ি থেকে ৪শ গজ দূরে এক ভুট্টা-ক্ষেতে মেয়ের মরদেহ পড়ে আছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
এদিকে আটক শফিকুল ইসলামের বাবা গিয়াসউদ্দীন ও মা সুফিয়া বেগমের দাবি তাদের ছেলে মানসিক বিকারগ্রস্ত। তাকে রাজধানী ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঠাকুরগাঁও থানার ওসি মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনা উদঘাটনে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
