বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কোরিয়া : জ্যাং সুং

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৩ এএম

ঢাকা সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশলবিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন বলেছেন, কোরিয়া ও বাংলাদেশ উন্নয়নসহযোগী হিসেবে একযোগে কাজ করছে; বিশেষ করে উন্নয়ন অংশীদারিত্বে কোরিয়া বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। গতকাল বুধবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত বলেন, ‘প্রেসিডেন্ট আমাকে এখানে পাঠিয়েছেন। আমরা কী চিন্তা করছি, সেটা একে অপরকে জানাতে হবে। উভয়ের সম্পর্ক দৃঢ় করার জন্য রাজনৈতিক পর্যায়ের যোগাযোগও বাড়াতে হবে। সর্বোপরি আমাদের মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আমরা আলোচনা করব। আমাদের বিবেচনা, সামনের বছর নির্বাচনের পরে তিনি দক্ষিণ কোরিয়া সফরে গেলে বিষয়টি আরও ভালো হবে। প্রযুক্তিসহ বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার অগ্রগতি অনেক বেশি। এসব ক্ষেত্রে আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে পারি।’

জ্যাং সুং মিন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের কথা জানতে পেরে আমি ‘মুগ্ধ ও আপ্লুত।’

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করেন জ্যাং সুং মিন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়, তিনি তাদের ইন্দো-প্যাসিফিক কৌশল এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরওকে-কে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করেন।

বৈঠকে ড. মোমেন বাংলাদেশে রপ্তানিমুখী পোশাকশিল্পের বিকাশে আরওকের অবদানের কথা স্বীকার করেন; যা দুই দেশের মধ্যে, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, বৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে বিদ্যমান সম্পৃক্ততা বাড়ানোর অঙ্গীকার করে। যেমন কারিগরি সহায়তা, মানবসম্পদ উন্নয়ন, জনশক্তি খাত ইত্যাদি।

আলোচনায় নবায়নযোগ্য জ¦ালানি, ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, গভীর সমুদ্রে মাছ ধরা, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি বিষয়ে সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, স্বাধীনতার অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে ৫০ বছরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির জন্য কোরিয়ার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেন।

ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানায়, এ সফরটি কোরিয়া ও বাংলাদেশের জন্য বন্ধুত্ব, সহযোগিতা জোরদার করা এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে পারস্পরিক সুবিধার জন্য নতুন সুযোগ অন্বেষণের একটি সুযোগ।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশলবিষয়ক এই বিশেষ দূত তিন দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে তার এ সফর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত