খন্দকার মোশাররফ বললেন

আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে আ.লীগ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩১ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজপথে বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল বলছেন, লোক হাসাচ্ছেন। বর্তমানে বিএনপি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে তা ক্রমান্বয়ে বেগবান হয়ে সরকারকে পদত্যাগে ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করবে ইনশাআল্লাহ।’

গতকাল বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোশাররফ বলেন, ‘দেশের জনগণ আজ অতিষ্ঠ, ক্ষুব্ধ এবং অনিবার্য কারণেই তারা প্রকাশ্যেই প্রতিবাদ জানাচ্ছে। দেশের জনগণ এই দুঃসহ বর্তমান এবং অনিবার্য ধ্বংস থেকে বাঁচতে চায়। তাদের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধী দলের সভা, সমাবেশ, মিছিলে তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে; হামলা, মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করছে।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন দমনের জন্য সরকার পুলিশি হামলা-মামলার পাশাপাশি শান্তি সমাবেশের নামে প্রতিনিয়ত জনগণকে ভয় দেখানো; সভা-মিছিলে হামলা করে আহত, নিহত, নির্যাতন করে, আন্দোলনকারীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে এবং বিরোধী দলের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে উসকানি দিচ্ছে। কিন্তু বিরোধী দল সচেতনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অতি সম্প্রতি সরকারের অনুগত কয়েকটি টিভি চ্যানেলে কয়েক বছর আগে ডিজিটাল কায়দায় বানানো এমন এক ভিডিও প্রচার করেছে, যা দেখলে যেকোনো সাধারণ নাগরিকও বুঝবে যে, এটা নোংরা রাজনৈতিক অপপ্রচারের এক বানোয়াট ও নিকৃষ্ট দৃষ্টান্ত। যারা এগুলো প্রচার করছে তাদের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইছে। জনগণ প্রতিদিনের জীবনে যে নির্মম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন তা ভুলিয়ে দেওয়ার কিংবা তা থেকে মুক্তির যে লড়াই তা থামিয়ে দেওয়ার সাধ্য কোনো ভুয়া ভিডিও কিংবা কোনো চ্যানেলের নেই। থাকে না কখনো।’

খন্দকার মোশাররফ বলেন, ‘সরকারি দলের সম্মেলনের দিন আমরা ঘোষিত কর্মসূচি স্থগিত করেছিলাম। অথচ তারা আমাদের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে চলেছে। রাজনৈতিক সংস্কৃতিতে এসব ঘটনা বর্জনীয় বলেই তা জনগণ প্রত্যাখ্যান করে নিন্দা জানায়। জনগণ আশা করে সরকারি দল রাজনৈতিক কর্মসূচির নামে এমন সহিংস তৎপরতা বন্ধ করবে।’

গত ১৩ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত