রমজানে ১ কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৪ এএম

সরকারি সহায়তা পান না এমন ১ কোটি পরিবারকে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে সরকার। রমজানের শুরুতেই এই কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা দরে আটা দেওয়া হচ্ছে। এ ছাড়াও খাদ্যবান্ধব কর্মসূচিতে (এফএফপি) ১৫ টাকা কেজি দরে ৫০ লাখ পরিবারকে চাল দেওয়া হচ্ছে। তিনি বলেন, সবদিক বিবেচনা করলে চালের দাম স্থিতিশীল আছে।

চাল ছেঁটে বিভিন্ন নামে বিক্রি বন্ধে আইনটি ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে আছে বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, চালের জন্য বিব্রতকর অবস্থায় পড়ার মতো কিছু হয়নি। সীমিত আকারে আমদানিও হচ্ছে, কেননা মজুদ সর্বকালের সেরা। ৩ লাখ ৭৪ হাজার ৩০ টন আমন চাল গত বুধবার পর্যন্ত সংগ্রহ হয়েছে। লক্ষ্যমাত্রা ৫ লাখ টন। কৃষকরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আগেই খোলাবাজারে বিক্রি করতে পারেন। কাজেই কৃষকদের স্বার্থ রক্ষা হচ্ছে।

সাধন চন্দ্র বলেন, খাদ্যের দিক দিয়ে বৈশ্বিক সংকটে বাংলাদেশে প্রভাব পড়েনি, আশা করা যায় পড়বে না। বোরোতেও বাম্পার ফলনের আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, ১ মার্চ থেকে মে পর্যন্ত খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। ওএমএস চলমান থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত