গণতন্ত্র নিয়ে তামাশা বরদাস্ত করবে না ছাত্রলীগ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৯ এএম

গণতন্ত্র নিয়ে তামাশা বাংলাদেশ ছাত্রলীগ কখনো বরদাস্ত করবে না। আগামী নির্বাচনে স্বাধীনতা, গণতন্ত্র ও বাংলার মানুষের ভাগ্য বদলের প্রতীক ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কার বিজয় যেন আমরা নিশ্চিত করতে পারি সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের ন্যায় ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে লড়াই করে স্মার্ট বাংলাদেশের ভিত্তি তৈরি করতে চাই।

কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের ‘বিশেষ কর্মী সভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরীর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের কর্মী সভায় এ সব কথা বলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত হলেও তিনি ছিলেন দর্শক সারিতে। মঞ্চে অতিথির আসনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগ ও নারায়ণগঞ্জ ছাত্রলীগের শীর্ষ নেতারা। কর্মী সভায় শুধু বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

সভার আগে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এক প্রতিক্রিয়ায় দেশ রূপান্তরকে এমপি শামীম ওসমান বলেন, আজকের অনুষ্ঠানে আমরা মঞ্চে নয়, দর্শক সারিতে থাকার ইচ্ছা পোষণ করেছি। আর দর্শক সারিতে থেকে দেখতে চাই, বর্তমান প্রজন্ম ছাত্রলীগ ও তরুণরা কীভাবে আগামীতে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে এগিয়ে যাবে। আমরা মূলত আজকে দর্শক।

কর্মী সভায় সাদ্দাম হোসেন বলেন, সংবাদ উপস্থাপন করা গণমাধ্যমে দায়িত্ব। এখন সম্পাদকীয় নীতিমালা রয়েছে। যদি তাদের নীতিমালা হয় চরিত্র নিয়ে লেখা, ছাত্রলীগের নেতিবাচক নিউজ উপস্থাপন করে মার্কেট ভ্যালু বাড়ানো। কিংবা রাজনৈতিক বিভাজন তৈরি করা। কিংবা অন্য কারও প্রেসক্রিপশন বাস্তবায়ন করা। এটি কোন ভাবেই বাংলাদেশ ছাত্র সমাজের কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা দেখি ছাত্রলীগ যদি ১০০টি ভালো কাজ করে একটি নিউজ হয় না, আর ছাত্রলীগ যদি একটি খারাপ কাজ করে তাহলে ১০০টি নিউজ হয়। এ ব্যাপারে আমরা গণমাধ্যমের সঠিক দায়িত্বশীল ভূমিকা দেখতে চাই।

তিনি আরও বলেন, আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমাদের অনেক লড়াই এখনো বাকি রয়েছে। এই লড়াইয়ের শেষ আমাদের দেখতে হবে। আমরা টানা তিনবার ক্ষমতায় আছি। এটি নিয়ে আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। যারা জাতির পিতার হত্যাকারী, যারা আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে তারা এখনো রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছে। অনেকেই গণতন্ত্রের বেশ ধরে রাজনীতিক এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এখন আমরা দেখতে পারছি, দুর্নীতিবাজদের পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে। খুনি, কিলার ও দ-প্রাপ্ত আসামিদের রাজনীতির কথা বলে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই, গণতন্ত্রের বেশ ধরে দুর্নীতিবাজদের পুনর্বাসনের রাজনীতিকে ছাত্রসমাজ কখনোই গ্রহণ করবে না কখনোই আপস করবে না। যাদের কাছে বাংলার মানুষের ভোটাধিকারের চেয়ে বাংলার মানুষের লাশ গুরুত্বপূর্ণ তাদের সঙ্গে ছাত্রসমাজ আপসে কখনোই করবে না।

সাদ্দাম হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জের নেতৃত্বে আগামীতে বাংলাদেশকে পথ দেখাবে। এই নারায়ণগঞ্জ শেখ হাসিনার গণজোয়ারের রাজধানী থাকবে।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। এ নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জেলার ছাত্রলীগ নেতা কর্মীরা কাজ শুরু করবে। এই নারায়ণগঞ্জ থেকেই স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত