হিজড়া সেজে রাস্তা থেকে কৌশলে টার্গেট করা ব্যক্তিকে অপহরণের পর নিজেদের আস্তানায় নিয়ে আটকে রেখে বিবস্ত্র করে তার ছবি তুলে মুক্তিপণ আদায় করে এমন একটি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের আটক করে ডিবির ওয়ারী বিভাগ।
গত ২৩ জানুয়ারি বিকেলে এক কিশোর (১৬) যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এই চক্রের খপ্পরে পড়ে ১ লাখ ৯০ হাজার টাকা খুইয়েছে। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় গত ১ ফেব্রুয়ারি মামলা করেন। এই মামলার তদন্তে নেমে চক্রটির সন্ধান পায় ডিবি। ডিবি জানিয়েছে, গ্রেপ্তার মো. স্বজন ওরফে কাজল ওরফে হিজড়া সজনি (৩২) প্রকৃতপক্ষে পুরুষ। তিনিই এই চক্রের হোতা। বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার দিঘলিয়া গ্রামে। বাবার নাম মো. সেলিম মিয়া। রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর চেয়ারম্যানবাড়ির পঞ্চম তলার ভাড়াটিয়া তিনি।
গ্রেপ্তার অন্যরা হলেন মো. নাছির (৪২), মো. আমানুর মন্ডল (৪২), মো. রাজু (২৬), মো. আব্দুর রহমান (৩৬) ও মো. হৃদয় মিয়া (২২)।
ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের (ডিবি) উপকমিশনার মুহাম্মদ আশরাফ গতকাল শনিবার তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চক্রটির বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, এই চক্রটির নেতৃত্ব দেন সোহাগ মিয়া ওরফে সজনি হিজড়া। জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিন ধরে এই কৌশলে অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
