সাফল্য এনে দেওয়া নারী ফুটবলারদের কোনো চাওয়াই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে অযৌক্তিক মনে হচ্ছে না। বেতন-ভাতা বাড়ানো, খাবারের মান বাড়ানো, ম্যাচ ফি’র মতো দাবিগুলো পূরণে সচেষ্ট হওয়ার কথা বলেছেন তিনি। আবার একই সময়ে পুরুষ ফুটবলারদের সমালোচনামুখর হয়েছেন সালাউদ্দিন। তার মতে, ফুটবলারদের ফিটনেস ভালো না বলেই জাতীয় দল কাক্সিক্ষত ফল পায় না। এর জন্য ক্লাবগুলোকেও দায়ী করতে ছাড়েননি তিনি।
সম্প্রতি বাফুফে সভাপতি বসেছিলেন সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে। সভাপতির কাছে বেতন-ভাতা বাড়ানোর দাবি করেছেন সাবিনা খাতুনরা। মাসিক ১০ হাজার টাকা বেতন পান ফুটবলাররা। সেটা বাড়িয়ে অন্তত ৫০ হাজার টাকা করার অনুরোধ এসেছে তাদের কাছ থেকে। একই সঙ্গে আন্তর্জাতিক ম্যাচ ফি, নতুন বুট ক্রয়, ক্যাম্পে খাবারের মান বাড়ানোর দাবি জানানো হয়। সালাউদ্দিন এসব দাবিকে যৌক্তিক মনে করেন, ‘তারা যা চেয়েছে সেটা অবশ্যই যৌক্তিক। তবে আমাদেরও আর্থিক সীমাবদ্ধতা আছে। তারপরও আমরা চেষ্টা করছি, তাদের দাবি মেটানোর। এ ব্যাপারে আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে সহায়তা চাইব।’ মেয়েদের মতো ছেলেরা কেন সফল হচ্ছে না। জানতে চাইলে বেশকিছু কারণের সঙ্গে ছেলেদের ফিটনেসের ঘাটতিকে সামনে নিয়ে এসেছেন বাফুফে সভাপতি, ‘পুরুষ ফুটবলাররা তো মেয়েদের মতো আমাদের জিম্মায় থাকে না। তারা থাকে ক্লাবে। বসুন্ধরা কিংস ছাড়া কোনো ক্লাবেই ফুটবলাররা ফিটনেস নিয়ে সেভাবে কাজ করার সুযোগ পায় না। এটা দিয়ে ঘরোয়া ফুটবলে চলা যায়, জাতীয় দলে গিয়ে আর পারে না। তাই ক্লাবগুলোর সুযোগ-সুবিধা বাড়ানোর বিকল্প নেই। আর আমার পক্ষে তো সম্ভব নয় মেয়েদের মতো ছেলেদেরও নিজেদের জিম্মায় নিয়ে আসা। ছেলেদের ক্ষেত্রেও সেটা করতে চেয়েছিলাম। সরকারের কাছে একটা প্রকল্পও জমা দিয়েছিলাম। তবে অর্থ মন্ত্রণালয়ে ফাইলটা আটকে যাওয়ায় আমরা পেছনে পড়ে গিয়েছি।’
