দুর্নীতির মামলায় দন্ডিত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিতের শর্তে রাজনীতি না করার কোনো মুচলেকা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, খালেদা জিয়ার রাজনৈতিক স্বাধীনতায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই। গতকাল রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন তিনি।
আইনমন্ত্রীর বক্তব্যের প্রক্রিয়ায় বিএনপির জ্যেষ্ঠ নেতা ও দলটির চেয়ারপারসনের আইনজীবীরা বলেছেন, আইনমন্ত্রী যেসব কথা বলেছেন, তা টার্গেটিং কথাবার্তা। দেশের জনগণ ও বিদেশিদের শোনাতে তারা রাজনৈতিক ভন্ডামি করছেন।
আওয়ামী লীগ নেতারা বলছেন, আইনমন্ত্রী কেন এ ব্যাখ্যা দিলেন, তা বোধগম্য নয় তাদের।
গতকাল রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী।
এর আগে গত ২৬ জানুয়ারি জাতীয় সংসদে আওয়ামী লীগের শীর্ষ নেতা ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন মুচলেকা দিয়েছেন এবং এর ভিত্তিতে তাকে বাসায় নেওয়া হয়েছে। তার বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়। গতকাল আইনমন্ত্রী তার বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেন।
এক প্রশ্নে আনিসুল হক বলেন, ‘যে চিঠিটা লেখা হয়েছে, সেখানে যা বলা হয়েছে সেটি হচ্ছে, তার শারীরিক অবস্থা এমন ছিল যে সুচিকিৎসা না করলে তার জীবন বিপন্ন হচ্ছে। আপনারাই বিচার করেন, যিনি অসুস্থ তিনি কি রাজনীতি করতে পারেন? যদি সেটা আপনাদের বিবেচনায় হয় তিনি পারেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের বিবেচনা সম্বন্ধে প্রশ্ন উঠতে পারে। তাহলে পারেন। কিন্তু যিনি অসুস্থ তিনি রাজনীতি করতে পারবেন না এটাই হচ্ছে আমার মনে হয় দ্য বেস্ট জাজমেন্ট।’
তিনি বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলতে চাই, তিনি (খালেদা জিয়া) একজন স্বাধীন মানুষ। তিনি কি করবেন, সেটা আমার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু তাকে যখন ৪০১ ধারায় (ফৌজদারি কার্যবিধি) মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতার কারণে অসুস্থ বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছিল, সেখানে আমরা কখনোই লিখে রাখিনি যে তিনি কখনো রাজনীতি করতে পারবেন না।’ তিনি আরও বলেন, ‘অসুস্থতার গ্রাউন্ডে দুটো শর্ত দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। তিনি রাজনীতি করতে পারবেন না বা রাজনীতি থেকে দূরে থাকতে হবে এ রকম কোনো শর্ত সেটার মধ্যে ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মনে করে কারও স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করাটা ঠিক হবে না।’
খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা জিয়া) নির্বাচন করতে পারবেন কি না, এ কথা যদি বলা হয় তাহলে সংবিধানের ৬৬ অনুচ্ছেদে যেতে হবে। এই অনুচ্ছেদে বলা আছে, নৈতিক স্খলনজনিত কারণে যদি দুই বছর বা তার ঊর্ধ্বে সাজা হয় তাহলে এমপি নির্বাচন করতে পারবেন না। এগুলো তো স্পষ্ট। আমার মনে হয় না যে আমার মুখ দিয়ে এগুলো বের করার প্রয়োজন আছে।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি মামলায় ১৭ বছরের কারাদ- পাওয়া খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করলে কারাবাস থেকে মুক্তি পান তিনি। এরপর তার মুক্তির মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। ৭৭ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, লিভার সিরোসিস, পরিপাকতন্ত্র, কিডনিতে জটিলতাসহ নানা রোগে ভুগছেন বলে তার চিকিৎসকরা জানিয়ে আসছেন। নানা স্বাস্থ্যগত জটিলতায় একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। বিএনপি তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর কথা বললেও সরকার বরাবরই বলে আসছে, শর্ত সাপেক্ষে সাময়িক মুক্তিতে থাকায় তাকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।
আইনমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও দলটির চেয়ারপারসনের আইনজীবীরা বলেছেন, ৪০১ ধারায় বলা আছে, শর্তহীন বা শর্তমুক্তভাবে মামলা স্থগিত করার কথা। তারা খালেদা জিয়ার সাজা স্থগিত করার সময় তাহলে কেন শর্ত দিয়ে দিল যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না এবং রাজনীতি করতে পারবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তারা (সরকার) নিজেরাই তো নিজেদের কথায় ধরা খেল। শর্ত দিয়েছে রাজনীতি করতে পারবেন না। এখন তারা বলছে, রাজনীতি করতে বাধা নেই। তারা টার্গেটিং কথা বলছেন। জনসাধারণ ও বিদেশিদের বোঝাতে চাইছেন আমরা তো বাধা দিচ্ছি না।’
খালেদা জিয়ার আইনজীবী ও দলের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খান বলেন, যদি সরকার শর্ত না দিত, তাহলে খালেদা জিয়াকে কেন তার কার্যালয়ে বসতে বাধা দেওয়া হয়। সমাবেশে যেতে দেওয়া হয় না। কেন তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আকুল আবেদনের পরেও যেতে দেওয়া হচ্ছে না। সরকার এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে।
খালেদা জিয়ার আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, সরকার তো চাইলে খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দিতে পারত। আর তার মামলার দুটি আপিলে বহাল আছে। আপিলে বহাল থাকলে ধরে নিতে হবে চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। তাই আপিল চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নির্বাচন করতে বাধা নেই বলেও জানান এই আইনজীবী।
অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ ক্ষোভ প্রকাশ করে দেশ রূপান্তরকে বলেন, ‘এগুলো নিয়ে আমি কী বলব, আমার সঙ্গে এগুলার কী সম্পর্ক। এগুলো তো অনেক বিতর্কিত বিষয়, এগুলো বড় বড় মন্ত্রী বলেন। আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। এগুলো নিয়ে আলাপও হয় না আমাদের দলীয় কোনো ফোরামে।’
মতিয়া চৌধুরী বলেন, ‘আল্টিমেটলি খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না এটাই বোঝানো হয়েছে। আসলে বেশি ছাড় দিয়ে দিয়েছে তো নেত্রী, তাই এত কথা।’
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কামরুল ইসলাম বলেন, ‘ইচ্ছে করলে খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন, এ কথাটা আইনমন্ত্রী কীভাবে বললেন আমার বোধগম্য নয়। আইনমন্ত্রী এটা কোন আইন দেখিয়ে বললেন আমার বোধগম্য হচ্ছে না।’
আওয়ামী লীগরে উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘বিষয়টি নিয়ে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা করেই তাকে বাসায় থাকার অনুমতি দেওয়া হয়েছিল। আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিয়েছেন।’
