পঞ্চগড়ে পুলিশের মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী কারাগারে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৭ পিএম

পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা ৫টি মামলার ৮১ জন আসামির মধ্যে ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার বিকেলে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক শরীফ হোসেন হায়দার এ ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন মো. শাওন, এ টি এস তৌফিক মুছা, জাকির হোসেন, মোজাহার আলী, মো. কুয়েত, মো. সুহেল, মো. দুলাল, শরিফুল ইসলাম পারভেজ, মো. জুয়েল রানা, সাবিরুল ইসলাম, সুহেল রানা, এ আর পলাশ, মো. নুরজামাল, মো. হিটলার, মো. মিলন। এরা প্রত্যেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

আসামি পক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের মধ্যে মোট ৫৮ জন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে পুনরায় জামিন আবেদন করলে বিচারক ১৫ জনের জামিন নামঞ্জুর করেন এবং বাকি ৪৩ জনের জামিন বহাল রাখেন। তিনি বলেন, যাদের কারাগারে পাঠানো হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আমরা তাদের পক্ষে আগামী ধার্যদিনে আবারও জামিন প্রার্থনা করব।

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপি গণমিছিল বের করলে পুলিশি বাধার সম্মুখীন হন। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ ঘটনায় পঞ্চগড় সদর থানার পাঁচ উপপরিদর্শক বাদী হয়ে ৫টি পৃথক মামলা দায়ের করেন। এসব মামলায় মোট ৮১ জনের নাম উল্লেখসহ এক হাজারেরও অধিক অজ্ঞাত আসামি করা হয়। মামলায় সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের ওপর বল প্রয়োগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ তোলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত