চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় ৫১৮৫ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফেজ উল্লাহ (৬৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
র্যাবের পক্ষৈ মো. নুরুল আবছার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি বাসযোগে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম মহানগরীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাব সদস্যরা একটি বাস তল্লাশিকালে এক ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আটক হন।
আটক ওই ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডেইল পাড়া মৃত তমিম গোলালের ছেলে মো. হাফেজ উল্লাহ (৬৩)। পরবর্তীতে শপিং ব্যাগে মোড়ানো ৫১৮৫ পিস ইয়াবা উদ্ধারসহ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানায়, আটক হাফেজ উল্লাহ ২০১৪ সাল থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। মাদক কারবারে তার পুরো পরিবার জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।
