মুচলেকা, নাকে খত, নির্মূল, উৎখাত অথবা হনুমানের ভেংচি বা গাধার হাসি; মোটেই অভিধান বহির্ভূত শব্দ নয়। কাউকে চুবিয়ে-ডুবিয়ে মারা, মাজা ভেঙে দেওয়া, শাড়ি ধরে টেনে নামানো ধরনের শব্দ-বাক্যও আছে বাংলা অভিধানে। তাই বলে যা-তা ভাবে ব্যবহারের শব্দ নয় এগুলো। শুনতে বা লিখতেও কেমন লাগে? এগুলো সচরাচর ভাষার সৌন্দর্য-গাম্ভীর্যের জন্যও মানায় না। কিন্তু, আমরা ব্যবহারের নামে সমানে অপব্যবহার করছি। এমনকি এই ভাষার মাসে কোনো ছাড় দিচ্ছি না। প্রসঙ্গেরও ধার ধারছি না।
কখনো বাতকে বাত, কখনো শালীনতার তোয়াক্কা না করে বা ব্যাকরণের কঠিন বেড়াজালে, কখনো ব্যাকরণ ভেঙেচুরে স্বেচ্ছাচারিতায় প্রকারান্তরে প্রিয় ভাষাটির সর্বনাশ করে ছাড়ছি। বাংলা চর্চায় অতি রক্ষণশীলতা বা উদারতা দুটোই বিপজ্জনক। ক্ষেত্রভেদে হঠকারিতাও। প্রকারান্তরে এটি ভাষার সঙ্গে জবরদস্তি, নাশকতা। তা শব্দ, বানান, বাক্যসহ গোটা বাংলা ভাষাটিরই সাবলীলতা নষ্ট হচ্ছে। একসময় বানান ও বাক্যে ভুলের মহোৎসব দেখা যেত বাস-ট্রাকে। দোকানপাটের সাইনবোর্ডে। ‘ঐ দেকা জায় গুলিস্থান, ব্যভহারে বংসের পরিচয়, ১০০ বা ৫০০ টাকার বাংতি নাই, কিসু পেলে গেলেন কি’Ñ ধরনের বানান ও কথাবার্তা এখন ভরপুর ফেসবুকে। যার মনে যা চায় স্ট্যাটাস লিখছেন। কমেন্টসও আচ্ছা রকমের। দৈনন্দিন যাপিত জীবনেও ভাষার ক্ষেত্রে সবাই এখানে স্বাধীন, সার্বভৌম, মহাপরাক্রমশালী।
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবিটি সুপরিণতির দিকে নিতে চাইলে দেশে বাংলার চর্চা কোন স্তরে, কোন পর্যায়ে তা ভাবা জরুরি। ভাষার সঠিক চর্চা নিশ্চিতে অভিধানের চেয়েও বেশি শক্তি গণমাধ্যমের। দেশের সব ঘরে অভিধান নেই।
থাকলেও সেটা পড়ে থাকছে শো-পিসের মতো। কিন্তু সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, ফেসবুকের মতো গণমাধ্যম রয়েছে ঘরে ঘরে। এসব গণমাধ্যমে ব্যবহৃত শব্দ, বানান, বাক্যের গতি, শক্তি অভিধানের চেয়ে অনেক বেশি। কিন্তু, দুঃখজনকভাবে সেখানেও বিস্তর গোলমাল। অর্থগতভাবে পর্যন্ত ছারখার করে ফেলা হচ্ছে রক্তাার্জিত বাংলাকে। ভুল স্বীকার না হোক, অন্তত শুদ্ধটা জানানোর তাগিদও চোখে পড়ে না। বানানের সঙ্গে বাক্য গঠনেও অরাজকতা। ডায়রিয়ায় ১৭ জন নিহত, বন্যার পানিতে ১৫ জন নিহত, অপুষ্টির অভাবে শিশুর মৃত্যু, নিহত হয়ে চারজনের মৃত্যুবরণ, দ্রব্যমূল্যের দাম আরও বেড়েছে, সিদ্দিকের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাস না পেয়ে পায়ে হাঁটতে হয়েছে পাঁচ মাইল, এইচএসসিতে শতকরা গড় পাসের হার ৬৮.৯১ শতাংশ, পলাতক বঙ্গবন্ধুর খুনিদের ধরে আনার চেষ্টা চলছেÑ ধরনের বাক্যের অর্থ অডিয়েন্স বুঝে নিচ্ছে সত্য। কিন্তু, বাক্যগুলোর অর্থ-প্রয়োগে বাংলার করুণ দশা স্পষ্ট। কী বলতে গিয়ে কী বলা হচ্ছে? তথ্যই বা কী দাঁড়াচ্ছে? কেউ তা রোখার চেষ্টা করলে যুক্তির তেজে চুপ মেরে যেতে হয়। অর্থ, স্বকীয়তা, বিশেষত্ব ও ভাষা-ব্যাকরণের শুদ্ধরূপের ক্ষতবিক্ষত অবস্থা হজম করা ছাড়া আর গতি থাকে না।
বিশুদ্ধতা ও জাতপাত খোয়ানোর পরও ইংরেজি ভাষা কেন গোটা বিশ্বে প্রতিপত্তি বিস্তার করে চলছেÑ এমন বাঁকা প্রশ্নও ছোড়া হয়? ইংরেজি জানা সারা দুনিয়াতেই স্মার্টনেসের ব্যাপার? বিশ্বের অনেকে বাণিজ্যিক কারণে চীনা ভাষাও শিখছেন। আগে কেবল পণ্ডিতরা শিখতেন, এখন শিখছেন অনেক সাধারণ মানুষও। জাপানিজ, কোরিয়ান ভাষা শেখার পেছনেও বাণিজ্যিক ও কর্মসংস্থান বিষয়ক ঘটনা রয়েছে। হিন্দি ভাষা ও সংস্কৃতির আধিপত্যও এখানে প্রাসঙ্গিক। সেই তুলনায় বাংলার বাজার কেন জমছে না এ প্রশ্নও থেকে যাচ্ছে। ইতিহাসে ভাষাকে একঘরে হয়ে যাওয়ার বহু তথ্য রয়েছে। সময়-অসময়ে বিভিন্ন ভাষা নেতিয়ে পড়া বা হারিয়ে যাওয়ার ইতিহাস প্রায় একই। কারও কারও মানতে কষ্ট হয়, ভাষার সঙ্গে রুটি-রুজিসহ কর্মজগতের বিশাল সম্পর্কের কথা। মানুষ অজস্র ভাষা সৃষ্টি করতে পারে। আবার পারে অপব্যবহারে, খামখেয়ালিতে ভাষার সর্বনাশ করতেও। কোনো ভাষাকে শক্তিধর রাখতে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক পদক্ষেপ দরকার। বিকৃতি আর শক্তিহীনতার কারণে পৃথিবীর একসময়ের শক্তিধর ভাষাগুলোর কিছু দুর্বল হয়েছে। কিছু হারিয়েই গেছে। বিশ্ববিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেটের ভাষায় মেসিডোনিয়ায় আজ কজনে কথা বলে? পৃথিবীর প্রধান তিনটি ধর্মপ্রণেতার অন্যতম যিশুখ্রিস্টের ভাষাও প্রায় বিলুপ্ত। দোর্দণ্ড প্রতাপশালী, বিশ্ববিজয়ী চেঙ্গিস খানের ভাষা দুনিয়ায় খুঁজে পাওয়া কঠিন। কোনো ভাষাই শুধু আবেগ, চেতনা আর ভালোবাসার ওপর ভর করে টিকে থাকে না। বাংলা ভাষা মোটেই ধনেজনে দুর্বল নয়। যথেষ্ট সমৃদ্ধÑ সামর্থ্যবান। তার ওপর বাংলার প্রতি আমাদের আবেগ, ভালোবাসা অসীম। কিন্তু খামখেয়ালি, শুধু আবেগ, ভালোবাসা, চেতনায় ভাষা বা কোনো কিছুর শেষরক্ষা হয় না। কারও আদেশ-নির্দেশেও হয় না। বিশ্বব্যাপী ইংরেজির এত চাহিদা কারও হুকুমে হয়নি। এর ভোক্তা বা গ্রহীতা দেশে দেশে। প্রয়োজনেই কোনো কিছুর ব্যবহার বাড়ে। আর ব্যবহার না হলে প্রেম-ভালোবাসাও বাড়ে না। অর্থাৎ চাহিদাই মূল বিষয়। প্রয়োজন প্রশ্নে আমরা পড়ে গেছি ‘লাভ বাংলা, ইউজ ইংরেজি’ থিওরিতে। রিজিকের তাগিদে আমরা ইংরেজিকে ব্যবহার করি। আর ভালোবাসি বাংলাকে। ঘর-সংসারের জন্য উপযুক্ত একজন, ভালোবাসার জন্য আরেকজন।
ভাষা হিসেবে বাংলাকে জীবন-জীবিকার সঙ্গে জোরালোভাবে সম্পর্কিত করার আবশ্যকতা এ কারণেই। বাংলার মধ্যে হরদম ইংরেজি, হিন্দি, উর্দু, ফারসি শব্দের অনুপ্রবেশ ঘটেছে কিছুটা প্রয়োজনে। কিছুটা অবচেতনে-অজান্তে। বিজ্ঞানের বিভিন্ন বিষয়সহ দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাসের বাংলা বইগুলো এখনো মানে অনেক পিছিয়ে। পেরে উঠছে না ইংরেজি বইয়ের সঙ্গে। নিজ ভাষার সম্মান-ব্যবহার বৃদ্ধির সঙ্গে ইংরেজির শরণাপন্ন হতেই হচ্ছে। যার জেরে ‘আপ-ডাউন’ ছাড়া দেশে এখন উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমসহ প্রায় সবদিকের কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংকের ছড়াছড়ি। এদিক, সেদিক, অন্যদিক কোনো দিকই আর বাদ নেই। আবার রয়েছে দু’দিক মেলানো নামও। নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন নাম ঠেকানো কঠিন। তাচ্ছিল্য করারও অবস্থা নেই। তাছাড়া, বাংলা প্রতিশব্দ সৃষ্টি করতে গিয়ে কখনো কখনো ভুল প্রতিশব্দ জন্ম নিচ্ছে। বাংলা ব্যবহারে ভুলের ছড়াছড়িতে ‘আমি বড় শৃঙ্খলায় পড়ে গেছি, আপনার রান্নাটা বড় জটিল হয়েছে, আপনার জামাটা বেশ অস্থির লাগছে’ ধরনের কথায় কী বোঝাতে কী বলে ফেলা হচ্ছে? বাংলার জন্য তা আতঙ্কের। বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি বাড়ানোর কথাকে অন্যদৃষ্টিতে দেখেন কেউ কেউ। ভাষা হিসেবে বাংলা জীবন-জীবিকার সঙ্গে কতটা সম্পর্কিত? ইংরেজিকে পাস কাটানোর কারণে বিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজবিজ্ঞান ভালো করে বোঝা সম্ভব নয়। উল্টাপাল্টা বোঝার ঘটনাও ঘটছে। বাংলা মাধ্যমে শিক্ষা দেওয়ার কারণে ইংরেজি শিক্ষা বন্ধের পথে। কলেজ-বিশ্ববিদ্যালয়ে পাঠ্যপুস্তকের বাইরে ইংরেজি বই পড়তে অনেকের নাকানি-চুবানি ছুটছে। এমনটি মোটেই ১৯৫২’র ভাষা আন্দোলনে কাম্য ছিল না। স্বাধীনতার নামে শব্দ-বাক্যের যাচ্ছেতাই প্রয়োগও নিশ্চয়ই আকাক্সিক্ষত ছিল না। যার ছায়া পড়ছে কবিতা, চিত্রনাট্য, গল্পসহ সৃষ্টিশীলতার মাঝে। ‘খাইয়া ফালামু, তোরে খাইছি, ন্যাংটা করে ক্ষমতা ছাড়া করুম’ ধরনের শব্দ-বাক্য ভাষার জন্য মোটেই মর্যাদার নয়। গল্প, কবিতা, নাটক, ছায়াছবির নামকরণ-সংলাপে এগুলো দেদার ব্যবহার হচ্ছে। বাজারও পাইয়ে দেওয়া হচ্ছে। যার মধ্য দিয়ে প্রকারান্তরে ভাষাকে কদাকার করে দেওয়া হচ্ছে।
বাংলার শব্দ ভা-ার এত দুর্বল নয় যে এগুলোর বিকল্প বা প্রতিশব্দ নেই। এ নোংরামি বছরের পর বছর ধরে চলছে আমাদের জায়গার নামকরণেও। মৌজা, সিএস, আরএস, কাগজে-কলমে, সাইনবোর্ডে বোদা বাংলাদেশের একটি প্রশাসনিক এলাকা। অথচ এ নাম বা শব্দটি কেবল অসুন্দর নয়, অশ্লীলও। কঠিন এ বাস্তবতায় জায়গাটির নাম পরিবর্তনের দাবি উঠেছে অনেকবার। কিন্তু, দাবি জোরালো হয়নি। তবে, ‘মানুষমারা’ জায়গাকে ‘মানুষগড়া’ করার দৃষ্টান্ত আছে। দশ কাজের এক কাজের মতো তা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নীলফামারী সদরের ‘মানুষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর নাম পাল্টে নতুন নামকরণ হয়েছে ‘মানুষগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’। এ মর্মে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে শুধু স্কুল নয়, পাল্টে গেল জায়গাটির নামও। এই নাম নিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের আপত্তি অনেক দিনের। চিত্ত-পিত্ত দুটোই পুড়ছিল তাদের। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় তা আমলে নিয়ে বিশ্রি নামটি পাল্টে দিয়েছে। বাংলাদেশের ৬৮ হাজার গ্রাম এবং অসংখ্য জায়গার মধ্যে ‘মানুষমারা’র চেয়েও উচ্চারণ অযোগ্য বহু নাম রয়েছে। কোনো কোনোটি ভদ্র-শিক্ষিত কারও সামনে উচ্চারণ করা কষ্টকর-লজ্জাকর। রুচিতে বাধলেও নামগুলো দলিল-মৌজা, খতিয়ান এমনকি বইপত্রসহ মুদ্রণে অটুট থাকছে।
কুত্তামারা, সোনাডাংগা, ছাগীপাড়া স্পষ্ট উচ্চারণও বিব্রতকর। হাঁটুভাঙ্গা, ভেড়ামারা, ঘোড়ামারা, ঠেঙ্গামারা, ছাগীপাড়া, ছেঙ্গারচর, কাউয়ারচর, ফাজিলপুর, ভুয়াপুর, ভুরুঙ্গামারী, ধরি কিলা, বলদপুর ধরনের নাম হজম করতে হয় বাধ্য হয়ে। যতই বলা হোক, নামে কিছু যায় আসে না। আসলে নামে অনেক কিছুই যায় আসে। নামটি অবশ্যই একটি ভাষা। এ ভাষাটির মর্যাদা-সৌন্দর্য কি ভাবতে নেই?
লেখক : সাংবাদিক, কলামিস্ট
