ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক বিএনপি নেতা ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল সোমবার বিকেলে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। রাতে তার মরদেহ রাখা হয় ধানমন্ডির বাসভবনে। গতকাল বেলা ১১টায় প্রথমে সাতমসজিদ রোডের বাইতুল আমান মসজিদ এবং দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হয়। সেখানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
