বর্তমান সরকার দেশের মানুষকে নানাভাবে অধিকার বঞ্চিত করে একুশের স্বপ্নকে তমসাচ্ছন্ন করেছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জাতির এই দুঃসময়ে হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আমাদের প্রেরণা জোগাবে ভাষা আন্দোলনে একুশের শহীদদের আত্মদান।’ গতকাল সোমবার দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ’৫২-এর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও রুহের মাগফেরাত কামনা করে এই বিবৃতি দেওয়া হয়।
শহীদ দিবস উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এছাড়া আজ মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘একুশের অমøান চেতনা জনগণের মৌলিক অধিকার হরণকারী নিষ্ঠুর স্বৈরাচারী শক্তিকে রুখতে আমাদের উদ্বুদ্ধ করবে। তাই এই দুঃসময়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের প্রেরণা জোগাবে ’৫২-এর মহান একুশের শহীদদের আত্মদান।’
অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে ভাষাশহীদরা প্রেরণার উৎস উল্লেখ করে তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে এই মহান ২১ ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তার বিকাশে এবং একটি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠার প্রথম সোপান হিসেবে কাজ করেছে। ২১ ফেব্রুয়ারি শুধু মাতৃভাষা প্রতিষ্ঠার দিনই নয়, আমাদের স্বাধিকার, স্বাধীনতা ও মুক্তির প্রথম সংগ্রামের দিন। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তারা আত্মত্যাগের যে গৌরবদীপ্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে।’
একদলীয় শাসনের জগদ্দল পাথর দেশের জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘স্বজাত্যবোধ ও অধিকারবোধের চেতনা পরিপূর্ণতা দান করেছিল মহান ২১ ফেব্রুয়ারি। সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে। মধ্যরাতের নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে প্রতারিত করা হয়েছে, যা খোলাখুলি কারচুপির এক নিকৃষ্টতম দৃষ্টান্ত। গণতন্ত্রকে সমাহিত করে এই দুঃশাসন দীর্ঘায়িত করতে অবৈধ শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একুশের চেতনার উত্তরাধিকারী হয়ে এ দেশের সংগ্রামী মানুষকে সঙ্গে নিয়ে আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে কর্র্তৃত্ববাদী স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকারকে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করব।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আয়োজিত কর্মসূচির সাফল্যও কামনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘আমাদের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করায় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভাষার চর্চা ও বিকাশ ঘটাতে অদম্য প্রেরণা লাভ করবে। মহান ২১ ফেব্রুয়ারি উপলক্ষে আমি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজিত নানাবিধ কর্মসূচির সাফল্য কামনা করছি।’
শহীদদের মহিমান্বিত অবদানের কারণে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জাতি হিসেবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে অধিকতর সমৃদ্ধিশালী করে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। যাতে সমৃদ্ধ সংস্কৃতিসম্পন্ন জাতি হিসেবে আমরা বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারি।’
মির্জা ফখরুল হাসপাতালে : শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। গতকাল সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে যান মির্জা ফখরুল। সেখানে হঠাৎ অসুস্থবোধ করায় তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন। তাকে হাসপাতালে নেওয়ার খবরে সেখানে ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে মহাসচিবের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর থেকে প্রতি বছরই চিকিৎসার (ফলোআপ) জন্য তাকে সেখানে যেতে হয়।
