অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত মুখ আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
মঙ্গলবার সকালে ‘হিরো আলম ফাউন্ডেশন’- এর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন হিরো আলম। এই প্রথম তিনি জাতীয় শহীদ মিনারে এলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাখঢাক না রেখেই বললেন, শহীদ মিনারের পরিবেশ মোটেও ভালো লাগেনি তার।
হিরো আলম শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে যখন বের হচ্ছিলেন, তখন তাকে ঘিরে তৈরি হয় ভক্তদের জটলা। অনেকের সেলফির আবদার মেটান তিনি।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হিরো আলম। এসময় তিনি অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেন।
হিরো আলম বলেন, ‘এখন মনে হয় না আগের মতো সেই চেতনাটা আছে। আজকে এখানে প্রথম আসলাম আমি ফুল দিতে। আসার পরে দেখলাম এখানে ফুল দেওয়া হয় না, এখানে যেসব মানুষ চলাফেরা... মনে হয় ফটোসেশন হইতেছে।’
হিরো আলমের দাবি, ‘এখানে যে গ্রুপগুলো এসেছে, মনে হচ্ছে ফুল দেওয়া না, তারা এখানে সেলফি তোলার জন্য এসেছে। লোক দেখানো এই ফুলগুলো দেওয়া।’
শহীদ মিনার প্রাঙ্গণে অপ্রাসঙ্গিক স্লোগান দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন সম্প্রতি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসন থেকে উপ-নির্বাচনে প্রার্থী হওয়া হিরো আলম।
তার কথায়, ‘এখানে শহীদদের কথা বলবে। এখানে সোলেগান (স্লোগান) হচ্ছে- ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এগুলো তো কোনো সোলোগান (স্লোগান) চলে না শহীদদের এখানে। এখানে শহীদদের কথা বলবে। শহীদদের কথা না বলে ডাইরেক্ট অ্যাকশন, এগিয়ে চলো এগুলো কি?’
হিরো আলম বলে যান, ‘শহীদের কথা বলবে এখানে এসে। অবশ্যই শহীদের শ্রদ্ধা দিয়ে কথা বলবে। এখনে ডাইরেক্ট অ্যাকশন কোনো সোলোগান (স্লোগান) হলো? আমি এখানে পরিবেশ দেখলাম, ভালো লাগলো না এখানে এসে।’
