শহীদ মিনার ঘুরে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৮ পিএম

ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।

কেউ মিছিলে বিশাল ফুলের তোড়ার সঙ্গে, কারও হাতে একটি ফুল, কেউ-বা ছোট তোড়া নিয়েই মিনারের দিকে এগিয়ে চলেছে। ছোট ছোট বাচ্চাদের মা-বাবাই শহীদ মিনারে নিয়ে এসেছেন।

কথা হয় রাওমান স্মিতার সাথে। তিনি বলেন, আজ আমারা শোক দিবস পালন করছি। শহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছি।

শহীদ মিনারে দেখা হয় জয়নুলের সাথে। তার সঙ্গে পাঁচ বছরের মেয়ে সুহানা সোমা। তিনি বলেন, 'বইয়ের পাতায় তো এসব ওরা পড়েই। কিন্তু বইয়ের পড়ার চেয়ে আমি যদি ওকে এখানে নিয়ে এসে ইতিহাসটা জানাই, নিজের চোখে দেখাই, ও সারা জীবন মনে রাখবে।' তিনি বলেন, 'এত ভিড়ে কষ্ট হলেও আগামী প্রজন্ম বুঝতে পারবে শহীদদের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বিষয়টি।'

কলকাতা থেকে অর্ঘ্য এসেছেন শহীদ মিনারে। তিনি বলেন, 'আমি প্রথমবার বাংলাদেশে এসে প্রথমেই শহীদ মিনারে এসেছি। যদিও আমার বাড়ি কলকাতায়, কথাও বলি বাংলায়। তবে ভাষার প্রতি এত শ্রদ্ধা আগে কোথাও দেখিনি। আমি এখানে এসে নিজের চোখে যা দেখিছি, সারা জীবন মনে রাখব।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার মানুষ ১৯৫২ সালে ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছে। কেউ শ্রদ্ধা জানিয়ে ফিরছে, কেউ ভিড় কমার অপেক্ষা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত