মার খেয়ে শহর ছাড়লেন সনু, বললেন ‘সব ঠিক আছে’

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩১ পিএম

আগের রাতে (২০ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের চিম্বুরে সেলফি তোলা নিয়ে নাজেহাল হলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগম। পরদিনই তাকে দেখা গেল বিমানবন্দরে। গানের অনুষ্ঠানে যোগ দিতে অন্য শহরে যাচ্ছেন তিনি। কোথায় যাচ্ছেন জানা যায়নি। কিন্তু সংবাদকর্মীদের বললেন, ‘সব ঠিক আছে’।

এর আগে সোমবার সনুকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় নাম জড়ায় উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনা বিধায়কের ছেলে এবং তার ভাতিজার। সঙ্গে সঙ্গে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন শিল্পী। এ ঘটনার একটি ভিডিও নিমেষে ছড়িয়ে পড়ে সোশ্যালে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চিম্বুরে স্থানীয় বিধায়ক প্রকাশ ফাটারপেকরের ছেলে স্বপ্নিল সনুর সঙ্গে সেলফি তুলতে চেয়েছিলেন। এজন্য তিনি ছুটে গিয়েছিলেন মঞ্চের পেছনে। সে সময় গান গেয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন সনু। তবে বিধায়কের ছেলে স্বপ্নিলকে সরাসরি শিল্পীর কাছে যেতে বাধা দেওয়া হয়। এক পর্যায়ে তিনি হঠাৎ করে ধাক্কা দেন। এতে সিঁড়ি থেকে পড়ে যান সনু। এ ঘটনায় গুরুতর আহত হন তার এক বন্ধু। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সনু বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর সহকর্মী হরিপ্রকাশ, রাব্বানি খান, সায়রা মাকানিসহ আমরা সবাই যখন মঞ্চ থেকে নামছিলাম, তখন হঠাৎ পেছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তারপর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে ছেলেটি হরিপ্রকাশকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাগের মাথায় ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমি সিঁড়িতে পড়ে যাই’।

এ ঘটনায় ইতোমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ ও ৩৩৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, ছেলের হয়ে ময়দানে নেমেছেন বিধায়ক বাবা প্রকাশ ফাটরেপেকর। ক্ষমা চেয়েছেন গায়কের কাছে।

প্রকাশ ফাটরেপেকরের বলেন, ‘পুরো ঘটনাটাই অনিচ্ছাকৃত। ও কাউকে ধাক্কা দিতে চায়নি। শিল্পী স্টেজ থেকে নেমে যাওয়ার সময় সেফফি নিতে গিয়েছিল, যা হয়েছে খুবই দুঃখজনক। স্বপ্নিল ছেলে হিসেবে খুবই নম্র, শান্ত। আমি ক্ষমা চাইছি, গোটা ঘটনায় অনুতপ্ত’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত