মায়ার জঞ্জাল ২৪ ফেব্রুয়ারিতে একযোগে মুক্তি পাচ্ছে বাংলাদেশ ও কলকাতায়। ছবির অন্যতম তারকা কলকাতার গুণী অভিনেতা ঋত্বিক চক্রবর্তী প্রচারণার জন্য গত সোমবার এসেছিলেন ঢাকায়। সেদিন সন্ধ্যায় রাজধানীর মিরপুর সনি স্কয়ারের স্টার সিনেপ্লেক্স শাখায় ছবিটির একটি প্রেস শো অনুষ্ঠিত হয়। এতে ঋত্বিক ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেত্রী অপি করিম, অভিনেতা সোহেল ম-ল, প্রযোজক জসিম আহমেদসহ নুরুল আলম আতিক, কামার আহমেদ সাইমন, সারা আফরিন, তানভীন সুইটি, আজমেরী হক বাঁধন, জ্যোতিকা জ্যোতি, মনোজ প্রামাণিক, আরিক খানসহ শোবিজের বেশ কয়েকজন তারকা ও নির্মাতা। ‘মায়ার জঞ্জাল’ ছবিটি নিয়ে ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘আমরা জীবনের কাছাকাছি গল্প বলতে চেয়েছি ছবিতে। সবাই সততার সঙ্গে পরিশ্রম করেছেন যেন কাজটি ভালো হয়। ছবিটি এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। এ জন্য আমাদের প্রত্যাশা আরও বেড়ে গেছে। তাছাড়া নির্মাতার কাজের প্রতিও দর্শকের এক ধরনের আস্থা ও আগ্রহ আছে। এসব কারণে ছবিটি দেখতে পারেন দর্শক।’ অপি করিম বলেন, ‘অনেক বছর পর সিনেমা করেছি। তবে সিনেমা করার জন্যই করিনি। ছবিটির গল্প মনে দাগ কেটেছে বলেই কাজটি করেছি। সঙ্গে পেয়েছি ইন্দ্রনীল রায় চৌধুরীর মতো চৌকস নির্মাতা ও তার টিম। সহঅভিনেতা হিসেবে যদি ঋত্বিক চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পী থাকে তাহলে অভিনয়টা সেই মাপের করার আপ্রাণ চেষ্টা থাকে। সেটি পর্দায় দেখতে পাবেন দর্শক। সবাইকে হলে এসে ছবিটি দেখার অনুরোধ রইল।’ প্রযোজক জসিম আহমেদ বলেন, ‘ছবিটি একই দিনে বাংলাদেশ ও কলকাতায় মুক্তির ব্যবস্থা করা ছিল সত্যিই চ্যালেঞ্জিং। আমাদের ছবির টার্গেট দর্শক হচ্ছেন পরিণত ও শহরের দর্শক। তাই আপাতত ছবিটি শহরেই মুক্তি দিচ্ছি। আন্তর্জাতিক অঙ্গনে ছবিটি যেভাবে সফলতা পেয়েছে তাতে আমরা ছবিটির ব্যাপারে ভীষণ আশাবাদী।’
×
