চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজ মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তারা খেলবে জার্মান ক্লাব আরবি লাইপজিগের বিপক্ষে।
বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হতে যাওয়া ম্যাচটি হবে লাইপজিগের মাঠে। তাই ফেভারিট হয়েও কিছুটা চিন্তায় থাকতে হচ্ছে সিটি কোচ পেপ গার্দিওলাকে।
এ দুদলের সবশেষ ম্যাচে লাইপজিগের মাঠে হেরেছিল ম্যানসিটি। নিজেদের মাঠে খেলা বলেই লাইপজিগ ফের দেখাতে পারে চমক।
লাইপজিগের মাঠ রেড বুল অ্যারেনাতে ২০২১ এ গ্রুপ পর্বের ম্যাচে হেরেছিল সিটি। লাইপজিগ জিতেছিল ২-১ এ। তবে তার আগে ইতিহাদে প্রথম দেখায় ম্যানসিটি ৬-৩ গোলে জিতেছিল।
রেড বুল অ্যারেনাতে খেলা দেখেই সিটির জন্য আজ বড় পরীক্ষা। এবার গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে রিয়াল ও শাখতারের কাছে হেরেছিল লাইপজিগ। পরে বাকি চার ম্যাচই জিতে ‘এফ’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পা রেখেছে জার্মান দলটি। ঘরের মাঠে হারায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও।
সিটির চিন্তাটা আরও এক জায়গায়। সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাওয়েতে শেষ পাঁচ ম্যাচের চারটি জিততে পারেনি তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সবশেষ ম্যাচে নটিংহামের মাঠে সিটির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। তাতে দুই পয়েন্ট পিছিয়ে পড়ে লিগ টেবিলে দুইয়ে নেমে যায় ম্যানসিটি।
তবে এই এক ম্যাচ দিয়ে তাদের বিচার করলে ভুল হবে। লাইপজিগ বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে আছে। সব প্রতিযোগিতা মিলে শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে তারা। তবে গেল বছরের ১ অক্টোরবর থেকে এই বছরের ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সব মিলিয়ে ১৮ ম্যাচ অপরাজিত ছিল লাইপজিগ।
চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে তৃতীয়বারের মতো শেষ ষোলোতে ইংলিশ দলের বিপক্ষে খেলবে লাইপজিগ। এর আগে ২০১৯-২০ এ টটেনহামের সঙ্গে জয় এবং ২০২০-২১ এ লিভারপুলের কাছে হেরে বিদায় নেয় তারা।
চ্যাম্পিয়নস লিগে জার্মান কোনো দলের বিপক্ষে শেষ ১৭ ম্যাচের একটিতে হেরেছে সিটিজেনরা। আর সেটি ছিল লাইপজিগের বিপক্ষেই।
এদিন আরেক ম্যাচে মুখোমুখি হবে ইন্তার মিলান ও পোর্তো। দুটি দলই নিজ নিজ লিগে আছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে। এ দুটি দল সবশেষ মুখোমুখি হয়েছিল ২০০৫ সালে, গ্রুপ পর্বে।
