সাকিবের নিবেদনের প্রশ্নে আকাশ থেকে পড়লেন হাথুরু!

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৩ পিএম

সাকিব আল হাসান টেস্ট খেলতে চান না। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগে ছুটি চেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেই সিরিজ শেষেই পদত্যাগ করেন তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পদত্যাগ পত্রে, সাকিবের দলে প্রতি নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সিনিয়র ক্রিকেটারদের মানসিকতা নিয়েও প্রশ্ন ছিল তার, এমনটি জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে এমন কথা শুনে হাথুরুসিংহে যেন আকাশ থেকে পড়লেন। জানালেন, সাকিবের নিবেদন নিয়ে তিনি কখনই প্রশ্ন তুলেননি। এটা নাকি তার কাছে একেবারেই নতুন খবর।

টাইগারদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসার পর আজই প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হলেন হাথুরুসিংহে। সেখানে ছয় বছর আগে সেই কথা তাকে মনে করিয়ে দিতেই বিস্ময় আর হতবাকে যেন চমকে উঠলেন তিনি।

সাকিবের নিবেদন নিয়ে তিনি নাকি কখনোই প্রশ্ন তোলেননি, ‘এটা তো আমার কাছে একেবারেই নতুন খবর। আমি তো এমন কিছু কখনই বলিনি।’

জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুসিংহের একটা বিবাদের গুঞ্জন ছিল। তবে এখন যারা মোটামুটি সিনিয়র, তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে আগেরবার কোনো সমস্যা হয়নি, এবারও হবে না বলে আশা করছেন তিনি, ‘একদমই সমস্যা নেই। আমি সবার সঙ্গেই কথা বলেছি। সবার নজর এখন দলের ভালোর দিকে। প্রথমবারও কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হইনি। আমার চ্যালেঞ্জ ছিল দলের ভালোর দিকে সবার নজর রাখা।’

তিনি যোগ করেন, ‘ওরা ১৫-১২-১০ বছর ধরে ভালো করছে। আশা করি সেটাই করে যাবে। যত দিন খেলবে, দলে থাকবে। আমার মনে হয় না তাদের ভূমিকা বদলেছে। তারা বিশ্বমানের খেলোয়াড়। আমার মনে হয় তারা নিজেদের ভূমিকাটা জানে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত