চীনের কূটনীতিক ওয়াং ই’র সঙ্গে ক্রেমলিনে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রাশিয়ার একটি টেলিভিশনে প্রেসিডেন্ট পুতিন ও কূটনীতিক ওয়াং ই’র বৈঠকের ছবি প্রচার করা হয়েছে। একটি দীর্ঘ টেবিলের দুই পাশে মুখোমুখি বসেছেন দুজন। তারা এ সময় ‘জটিল আন্তর্জাতিক পরিস্থিতি’ নিয়ে কথা বলেন।
এর আগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো যাচ্ছেন বলে জানানো হয়। তবে সফরের সম্ভাব্য সময় এখনো নির্ধারণ করা হয়নি।
ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলে কিংবা মে মাসের শুরুর দিকে শি রাশিয়ায় যেতে পারেন। ওই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে হারানোর বিজয়োৎসব পালন করবে রাশিয়া।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, চীন এখন ইউক্রেন নিয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে চায়। যুদ্ধ বন্ধ করা ও শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নিতে চান শি। বিষয়টি এগিয়ে নিতেই চীনের কূটনীতিক ওয়াং ই মস্কোতে আছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
