রেমিট্যান্সে তৃতীয় বাংলাদেশ দক্ষিণ এশিয়া

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫০ পিএম

বিদায়ী ২০২২ সালে দেশে প্রবাসী আয় এসেছে ২১ বিলিয়ন ডলার। এই পরিমাণ প্রবাসী আয় নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। প্রবাসীদের এই আয় বিশ্বের মোট রেমিট্যান্সের ২ দশমিক ৬৪ শতাংশ।  বরাবরের মতোই প্রথম অবস্থান ভারতের দখলে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অর্থনৈতিকভাবে ধুঁকতে থাকা পাকিস্তান। বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত ডিসেম্বর প্রান্তিকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, করোনার প্রভাব ও বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও রেকর্ড পরিমাণ প্রবাসী আয় সংগ্রহ করেছে প্রতিবেশী দেশ ভারত। ২০২২ সালে দেশটির প্রবাসী আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলার স্পর্শ করেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। এটি বিশে^র মোট প্রবাসী আয়ের ১২ দশমিক ৫৯ শতাংশ। দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে ভারতের পরই পাকিস্তানের অবস্থান। ২০২২ সালে পাকিস্তান রেমিট্যান্স পেয়েছে ২৯ বিলিয়ন ডলার। দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স আহরণে অন্য দেশগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে আছে নেপাল। দেশটির প্রবাসী আয় সাড়ে ৮ বিলিয়ন ডলার, যা বিশ্বের মোট রেমিট্যান্সের ১ দশমিক ০৭ শতাংশ।  ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার নিয়ে পঞ্চম অবস্থানে আছে শ্রীলঙ্কা। একই সময়ে আফগানিস্তানের প্রবাসী আয় দশমিক ৪ বিলিয়ন ডলার, যা তাদের মোট জিডিপির ২ শতাংশ এবং ভুটানের প্রবাসী আয় দশমিক ১ বিলিয়ন ডলার, যা দেশটির মোট জিডিপির ২ দশমিক ১ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত