দীর্ঘ ১০ বছর পর নাটোরের সিংড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১০ বছর পর সিংড়ায় যুবলীগের সম্মেলন হচ্ছে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় সিংড়া উপজেলা কোর্টমাঠে এই সম্মেলন শুরু হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। এছাড়াও সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগ ও নাটোর জেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
উপজেলা ও পৌর যুবলীগ সূত্র জানান, কেন্দ্র সিংড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করার পর থেকে যুবলীগের নেতাকর্মীরা দারুণ উজ্জীবিত। সম্মেলনকে সফল করতে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর ইউনিটগুলো একাধিক সভা করেছে। সর্বশেষ ২০ ফেব্রুয়ারি বিকেলে সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে পৌর যুবলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা হলরুমে বিশেষ জরুরি সভা করেছে উপজেলা যুবলীগ।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মার্চ সর্বশেষ সিংড়া উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন হয়। সেই সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি নির্বাচিত হন মো. শরিফুল ইসলাম শরিফ ও সাধারণ সম্পাদক হন কামরুল হাসান কামরান। পৌর যুবলীগের সভাপতি হন সোহেল তালুকদার, সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। ৩ বছরের জন্য কমিটি গঠন হলেও প্রায় ১০ বছর ধরে চলছিল যুবলীগের সাংগঠনিক কার্যক্রম।
সম্মেলন ঘিরে উপজেলা ও পৌর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছে। উপজেলা যুবলীগের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন সম্্রাট। পৌর যুবলীগের সভাপতি হিসেবে আলোচনায় রয়েছেন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক, সিংড়া পৌরসভার প্যানেল মেয়র-২ ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক রাশেদ-উল-হক সোহাগ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জনি হাসান লাবু। সাধারণ সম্পাদক হিসেবে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাসিমুজ্জামান সজিব, গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন, পৌর যুবলীগের সদস্য রাজিব প্রামাণিক ও পৌর যুবলীগের সহ-সম্পাদক বেলাল হোসেনের নাম শোনা যাচ্ছে।
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের চেয়ে কর্মী-সমর্থকদের মধ্যে হিসাব-নিকাশ বেশি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ নেতার পক্ষে প্রচারণা চালাচ্ছেন অনেকে। সমর্থকদের মধ্যে কার নেতা পদ পাবেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। নেতাকর্মীদের মধ্যে ঘুরে-ফিরে আলোচনা একটাই, এবারের সম্মেলনে কারা আসছেন নেতৃত্বে। বিশেষ করে দুই ইউনিটের শীর্ষ চার পদ নিয়েই সবার আগ্রহ।
সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, আগামী ২৫ ফেব্রুয়ারি উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। সম্মেলনকে কেন্দ্র করে বিশেষ জরুরি সভাও করেছি। উপজেলা ও পৌর যুবলীগের সম্মেলনে ২৬৬ জন কাউন্সিলর উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মেলন সম্পন্ন করবেন সে লক্ষে আমরা প্রস্তুতি নিয়েছি।
