মাশরুমের ৪ পদ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম

স্বাস্থ্যকর খাবার হিসেবে মাশরুমের জুড়ি নেই। রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা

চিকেন

উপকরণ

ক্যান মাশরুম ১ টিন, হাড়ছাড়া মুরগির বুকের মাংস ২০০ গ্রাম, ক্যাপসিকাম সিকি কাপ, কাঁচা মরিচ ৩টি, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ, চিকেন স্টক ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, রসুন কুচি ১ কোয়া, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         হাঁড়িতে তেল গরম করে রসুন কোয়া দিয়ে দিন।

২.         মুরগির মাংস কিউব করে কাটুন। একইভাবে মাশরুমও কেটে নিন।

৩.         রসুন লালচে হলে মুরগির মাংস দিয়ে দিন।

৪.         মাংসের রঙ পাল্টে গেলে তাতে সয়াসস, লবণ, কালো গোলমরিচের গুঁড়ো ও চিকেন স্টক দিয়ে দিন।

৫.         ফুটে উঠলে মাশরুম দিয়ে দুই মিনিট পর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিন। কিছুক্ষণ পর কাঁচা মরিচ ও ক্যাপসিকাম দিয়ে নামিয়ে নিন।

কানাপাস

উপকরণ

স্প্রিং রোলের সিট ১০ পিস, টমেটো কুচি ২টি, সেদ্ধ কিমা আধা কাপ, গোলমরিচের গুঁড়ো ১ চা চামচ, বাটন মাশরুম ১ টিন, লবণ ১ চা চামচ, চিলি সস আধা কাপ, চিজ আধা কাপ, অলিভ ১টি, মাখন ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে স্প্রিং রোলের সিটে মাখন ব্রাশ করে নিন।

২. এবার এই শিট ছোট ছোট করে কেটে কাপকেক মোল্ডে সাজিয়ে রাখুন।

৩. বাকি সব উপাদান হালকা করে মাখিয়ে ফিলার হিসেবে মোল্ডে ভরে নিন।

৪. এবার ওভেনে ১৪০ ডিগ্রি তাপমাত্রায় ১০ থেকে ১২ মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন।

টিক্কা

উপকরণ

ধাপ : ১

বাটন মাশরুম ১ টিন, কাবাব মসলা ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, ধনেগুঁড়ো আধা চা চামচ, লবণ ১ চা চামচ। ধাপ-১-এর সব উপকরণ মাখিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে রেখে দিন।

ধাপ : ২

বেসন আধা কাপ, পানি ১ কাপ, লবণ সিকি চা চামচ। ধাপ-২-এর সব উপকরণ মেখে সুন্দর করে বেটার বানিয়ে রেখে দিন।

যেভাবে তৈরি করবেন

১.         প্রথমে ধাপ-১-এর মেরিনেট করা মাশরুমগুলাকে অর্ধেক করে কেটে বাঁশের কাঠিতে গেঁথে নিন।

২.         এবার তৈরি করে রাখা বেটারে ডুবিয়ে কড়াইয়ের গরম তেলে ভেজে পরিবেশন করুন।

ঝাল পিঠা

উপকরণ

ধাপ : ১

ময়দা ১ কাপ, চালের গুঁড়ো ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, লবণ সিকি চ চামচ, পানি সিকি কাপ।

ধাপ-১-এর সব উপকরণ একসঙ্গে মেখে ময়ান তৈরি করে ঢেকে রাখুন।

ধাপ : ২

পেঁয়াজ কুচি আধা কাপ, মাশরুম কুচি ১ কাপ, আদা ও রসুন বাটা মিলিয়ে ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি ১টি, ধনেপাতা কুচি সিকি কাপ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, মাখন ২ টেবিল চামচ।

ধাপ-২-এর মাখন গরম করে তাতে পেঁয়াজ দিয়ে ভাজুন। পেঁয়াজ লালচে হলে সব উপকরণ একের পর এক দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিন।

যেভাবে তৈরি করবেন

১.         ধাপ-১-এর ময়ান থেকে ছোট ছোট গোলা নিয়ে বেলে নিন।

২.         এবার এই বেলে রাখা রুটির মধ্যে ধাপ-২-এর রান্না করা ফিলার দিয়ে ভরে সুন্দর করে পুলি পিঠার মতন বানিয়ে মুখ বন্ধ করে নিন।

৩.         কড়াইয়ের ডুবো তেলে ভেজে গরম-গরম পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত