ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ভালো সম্ভাবনাই দেখছেন হাবিবুল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩০ পিএম

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই মুহূর্তে বিশ্ব সেরা দল ইংল্যান্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে যারা এখন বাংলাদেশে। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন, এই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় অসম্ভব কিছু না।

১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। শুক্রবার ইংলিশরা ঢাকায় এসে পৌঁছেছে। নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে টাইগাররাও জোর অনুশীলন চালিয়ে যাচ্ছে।

শুক্রবার বাংলাদেশ দলের অনুশীলন দেখার ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হাবিবুল। এ সময় তিনি বলেন, ‘আমরা তো বড় বড় দলকে হারাচ্ছিই। শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ আফ্রিকায় গিয়ে তাদের হারিয়েছি। আমরা যতগুলো সিরিজ জিতেছি, সেখানে দক্ষিণ আফ্রিকারটা সেরা। কারণ, দক্ষিণ আফ্রিকাকে তাদের কন্ডিশনে হারানো খুবই কঠিন। আমরা ৫০ ওভারে ধারাবাহিকভাবে পারফর্ম করছি, সবার সঙ্গেই। ভারতও অনেক শক্তিশালী দল নিয়ে এসেছিল। তাদেরকেও তো হারালাম।’

অতীত সাফল্যের কথা মনে করে হাবিবুল যোগ করেন, ‘ইংল্যান্ডকে হারানো যাবে না, এমন কোনো কথা নেই। আন্তর্জাতিক ক্রিকেটে সহজ বলে কোনো দল নেই। ইংল্যান্ডও ভালো দল। কিন্তু আমরা যে ধারাবাহিকতায় খেলছি, সেটা ধরে রাখতে পারলে সিরিজ জয়ের ভালো সম্ভাবনাই থাকবে।’

বাংলাদেশ দল ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজ হেরেছে ২০১৬ সালে, এই ইংল্যান্ডের কাছেই। ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত