সরকারের দমন পীড়নে গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষত-বিক্ষত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আইনের শাসন না থাকায় ঘরে-বাইরে কারও জীবনের নিরাপত্তা নেই।’
জেলা পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগের দিন গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষরে এই বিবৃতি পাঠানো হয়।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে কোনো অপরাধের সঙ্গে জড়িত না হয়েও নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে গায়েবি মামলা, গ্রেপ্তার, কারান্তরীণ, রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন ও হয়রানি করা হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা গণআন্দোলন ও বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ মিডনাইট সরকার মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও তাদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে।’
তিনি বলেন, ‘বর্তমানে চাল, ডাল, লবণ, চিনি, তেল, মাছ-মাংস, মুরগি, ডিম এমনকি কাঁচামরিচসহ প্রতিটি নিত্যপণ্যের বাজারে মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে। এখন টিসিবির পণ্য কিনতেও রীতিমতো যুদ্ধ করতে হয়, চাল না পেয়ে ট্রাকে পড়ে থাকা চাল কুড়িয়ে মানুষ ক্ষুধা নিবারণ করতে চায়। অথচ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো সরকার জনদুর্ভোগবিরোধী ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ন্ত্রণ ও দমন করতে ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে নিষ্ঠুর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য নজরুল ইসলাম খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির, জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রিয়াজ সিকদার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদারসহ অন্য নেতাকর্মীদের মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ সেটিরই নির্লজ্জ বহিঃপ্রকাশ।’
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান গণবিরোধী সরকারের স্মরণ করা উচিত, অতীতে যেমন কোনো স্বৈরশাসনবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের গুম, খুন, গ্রেপ্তার ও নির্যাতন করে দমাতে পারেনি, বর্তমান শাসকগোষ্ঠীও গণতন্ত্রকামীদের আন্দোলন দমাতে পারবে না।’
বিএনপি মহাসচিব বিবৃতিতে পিরোজপুর জেলা ও উপজেলার উল্লিখিত নেতাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
