রাজধানীর মিরপুরে প্রাইভেট কারচাপায় সাকিবুল হাসান নামে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।
ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামের গাড়িচালক মো. জামাল হোসেনের ছেলে সাকিবুল। তার পরিবার মিরপুর ১ নম্বর সেকশন, জনতা হাউজিংয়ের ৩ নম্বর রোডে একটি বাড়িতে ভাড়া থাকে। চার ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।
বড় ভাই মো. ইমরান হোসেন জানান, বিকেলে আরেক ভাই ফাহিমের (১২) হাত ধরে বাসার গলির মুখে খেলছিল সাকিবুল। হঠাৎ ফাহিমের হাত থেকে ছুটে রাস্তায় দৌড় দেয় সে। তখন একটি প্রাইভেট কারের নিচে চাপা পড়ে। উদ্ধার করে তাকে স্থানীয় ডেল্টা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো।
মিরপুর মডেল থানার এসআই রুহুল আমিন জানান, ঘটনার পরপরই চালকসহ গাড়িটি জব্দ করা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
