জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) দেশের মানুষের স্বার্থে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘আমরা কোনো দলের জন্য কাজ করছি না। আমরা দেশের মানুষের স্বার্থে কাজ করছি। দেশের মানুষ যদি দেখে আমরা তাদের স্বার্থে কাজ করছি, তারা অবশ্যই আমাদের সমর্থন দেবে।’
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীতে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নিজের জন্মদিন উদযাপন উপলক্ষে জাপা আয়োজিত এক অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা রাজনীতি করছি। দেশের মানুষ যেন মানসম্মান ও জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত না হয়। জাতীয় পার্টি একত্রিত আছে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।’
