মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ভিখারির ৬৪ লাখ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৪ পিএম

স্ত্রী মারা গেছে প্রায় দুই যুগ আগে। দুই ছেলে বেঁচে, কিন্তু কেউ খবর নেয় না। ভিক্ষা করেই কাটে দিন। একা একা ঘুরে বেড়ান। কিন্তু কে জানত, সেই ভিখারিই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬৪ লাখ ৫২ হাজার টাকার অনুদান দেবেন! সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।

সিএনএন নিউজ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন ৭২ বছর বয়সী ভিখারি পুলপান্দিয়ান। জানিয়েছেন, ৫ বছর ধরে ভিক্ষা করে ৬৪ লাখ ৫২ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। সেই টাকাই দিয়েছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে।

আশির দশকে তামিলনাড়ু থেকে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে মুম্বাইয়ে যান পুলপান্দিয়ান। সেখানে ছোট একটি চাকরিও করতেন তিনি। ভালোই চলছিল জীবন। একসময় দুই ছেলের বিয়ে হয়। মারা যায় স্ত্রী। এরপর একা হয়ে পড়েন। ছেলেদের কাছে থাকতে গিয়েছিলেন পুলপান্দিয়ান। কিন্তু ছেলেরা তার দায়িত্ব নিতে অস্বীকার করায় ভিক্ষা শুরু করেন পুলপান্দিয়ান।

পুলপান্দিয়ান বলেন, ‘আমার সংসারে কেউ নেই। এত টাকা নিয়ে আমি কী করব? স্ত্রী বহু দিন আগে মারা গেছেন। ছেলেদেরও বিয়ে হয়ে গেছে। ওদের এখন আলাদা সংসার। আমার দেখাশোনা করে না। তাই একা একা ঘুরে বেড়াই, ভিক্ষা করে নিজের খরচ চালাই।’

২০২০ সালের মে মাসে কোভিড মহামারি চলাকালে প্রথম ত্রাণ তহবিলে অনুদান দেন পুলপান্দিয়ান। প্রথম বার ১৩ হাজারের টাকার মতো দিয়েছিলেন। এরপর তামিলনাড়ুর বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরেটের অফিসে গিয়ে টাকা দিয়েছেন। তবে শুধু ত্রাণ তহবিলেই নয়, শ্রীলঙ্কার তামিলদের সাহায্য করতে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নেও অনুদান দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত