নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব টিকবে না : কাদের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৫ এএম

পথ হারিয়ে বিএনপি এখন দিশেহারা এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব টিকবে না। দলটির সঙ্গে জনগণ নেই। তারা এখন গণ-আন্দোলন থেকে পদযাত্রায়। বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে।

গতকাল শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আছে সন্ত্রাস, পেট্রোল বোমা, অগ্নি সন্ত্রাস, লাঠি। তারা সুযোগ পেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, বাস পোড়াবে, স্কুল পুড়িয়ে দেবে। এই আগুন সন্ত্রাসের হোতা বিএনপি। এরা দেশ ও স্বাধীনতার শত্রু। এদের প্রতিরোধ করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা প্রস্তুত আছেন। খেলা হবে। খেলা হবে আন্দোলনে। নির্বাচনেও হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া। সবাই তৈরি হয়ে যান। আন্দোলনের খেলায় তারা পারবে না। তারা হেরে গেছে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব টিকবে না।’

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক রাষ্ট্র। নারীদের স্বাধীনতা থাকবে না। মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের স্বাধীনতা, একুশে পদক দেবে। নারীদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। ইউনিভার্সিটিতে পড়া হবে না।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথির ভাষণ দেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, স্কুল পুড়িয়ে দেয়। এই আগুন সন্ত্রাসের মূল হোতাদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না।’

বর্তমান সরকারকে সংখ্যালঘু বান্ধব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন। শেখ হাসিনা যত দিন আছেন, আপনাদের আপনজন তার চেয়ে বেশি এই দেশে আর কেউ নেই। আস্থা রাখুন তার প্রতি।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে আপনাদের সব অধিকার বাস্তবায়ন হবে। কারও কথায় প্রলুব্ধ হবেন না। নড়চড় করবেন না। বিপদে শেখ হাসিনাই পাশে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত