সিরাজগঞ্জে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হেরোইন মামলায় আহামাদুল্লাহ (৩৩) নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিচারক ফজলে খোদা মো. নাজির। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি আহামাদুল্লাহ রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ছয়ঘাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার পর আসামিকে পুলিশি পাহারায় সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে রাজশাহী থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর একটি দল। এ সময় মাদক কারবারি আহামাদুল্লাহ দৌড়ে পালানোর চেষ্টা করে। সিরাজগঞ্জ র্যাব-১২ এর সদস্যরা তাকে আটক করে তার শরীরে তল্লাশি চালিয়ে ৫০ গ্রাম হেরোইন জব্দ করে।
এ ঘটনায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর ডিএডি মমিনুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। মামলা চলাকালে আটজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
