ধারাবাহিক ‘এমিল ও তার গোয়েন্দারা’

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৪ পিএম

প্রথমবারের মতো শিশু-কিশোরদের জন্য নাটক নির্মাণ করলেন নির্মাতা কৌশিক শংকর দাস। তিনি দেশ রূপান্তরকে জানালেন, ‘সম্ভবত শিশুদের নিয়ে এটা আমার শেষ কাজও! কারণ, শিশুদের নিয়ে সে রকম গল্প পাই না।’ দুরন্ত টিভিতে আগামীকাল থেকে প্রতিদিন দুপুর ১টা আর রাত সাড়ে ৮টায় প্রচার হবে ৩০ পর্বের সেই ধারাবাহিকটি। নাটকের নাম ‘এমিল ও তার গোয়েন্দারা’। জার্মান লেখক এরিখ কাস্টনারের মূল উপন্যাস অবলম্বনে নির্মিত নাটকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এমিল চরিত্রে অভিনয় করেছেন তূর্য। ঋদ্ধি, মেধা, বিশাল, সাহির, সানজিদা, তাথৈ, জয়ী, আবির, তাহসানরাও আছে গোয়েন্দা দলে। আরও অভিনয় করছেন দিলারা জামান, বিজরী বরকতউল্লাহ, ফারজানা চুমকি, তপন মজুমদার, এ কে আজাদ সেতু, প্রিয়ন্তী উর্বি ও শতাব্দী ওয়াদুদ। ৮০’র দশকে বাদল রহমান একই গল্প নিয়ে এমিলের গোয়েন্দা বাহিনী নামে একটি চলচ্চিত্র বানিয়েছিলেন। দুরন্ত টিভি থেকে যখন তাকে বলা হয় ছোটদের জন্য কিছু বানানোর জন্য, প্রথমেই নির্মাতা এ গল্পের কথা বলেছিলেন। কৌশিক বলেন, ‘এমিলের গোয়েন্দা বাহিনী আমাদের ছোটবেলার ক্ল্যাসিক। সিনেমাটি যখন মুক্তি পায়, তখন আমার বয়স ছিল আট-দশ বছর। ফলে এমিলের গোয়েন্দারা আমাদের জন্য অন্যরকম একটা আবেগের বিষয়। অনেক দিন ধরেই এটা নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। সে ইচ্ছা পূরণ হলো এবার। প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছেন। আমার আশা, দর্শকরা পছন্দ করবেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত