বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপকের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। কমিশন থেকে গতকাল রবিবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো চিঠিতে নিয়োগ স্থগিত রেখে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত বক্তব্য পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আজ সোমবারের নিয়োগ বোর্ড স্থগিত করা হয়েছে।
গতকাল রবিবার দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠায় ‘বেরোবির দুই শিক্ষক, নিজেরাই পদোন্নতি দিচ্ছেন নিজেদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতেই নিয়োগ স্থগিত রেখে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত জবাব চেয়েছে ইউজিসি। ইউজিসির পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ) মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘নিজেরাই পদোন্নতি দিচ্ছেন নিজেদের’ শিরোনামে দেশ রূপান্তরের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনটি কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে সকল কার্যক্রম আপাতত স্থগিত রেখে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রমাণকসহ বিশ্ববিদ্যালয়ের বক্তব্য কমিশনকে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।
চিঠিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন সমুন্নত রেখে সরকার অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের যুগোপযোগী নীতিমালা অনুসরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নয়নের সুযোগ রয়েছে।
