স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৩ এএম

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কোনো এক সময় তাকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামকে হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানতে পেরেছি।

এর আগে, গত বছর ২৮ আগস্ট তাকে হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হয়। ৩১ আগস্ট তিনি বাসায় ফেরেন।

১০ জুন গভীর রাতে বুকে ব্যথা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হার্টে একটি রিং বসানো হয়। হার্টের দুইটা ব্লক এখনো রয়ে গেছে।

খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় রয়েছে উনার।

দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান সাবেক এই প্রধানমন্ত্রী। দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয় তাকে। খালেদা জিয়া নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে ২০২১ সালে একবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত