‘মায়ার জঞ্জাল’ নিয়ে নীরবতা, যা বললেন জয়া আহসান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম

দুই বাংলায় একইসাথে গেল শুক্রবার মুক্তি পেয়েছে ইন্দ্রনীল রায়চৌধুরীর ছবি ‘মায়ার জঞ্জাল’। যারা ছবিটি দেখছেন, তারা প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। তবুও যেন ছবিটি কাঙ্ক্ষিত কদর থেকে বঞ্চিত হচ্ছে! বিশেষ করে যাদের ছবি নিয়ে ভালো বোঝাপড়া, তারা যেন ‘মায়ার জঞ্জাল’ নিয়ে চুপ মেরে আছেন! এমনটাই মনে করছেন দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান।

শুধু তাই নয়, যারা ভালো ছবির অপেক্ষায় থাকেন ‘মায়ার জঞ্জাল’ মুক্তির পর তাদের নীরবতায় আশ্চর্য হয়েছেন ‘দেবী’ খ্যাত দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। আর তাইতো ‘মায়ার জঞ্জাল’ নিয়ে নিজের অনুভূতির কথা লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জয়া লিখেছেন,‘মায়ার জঞ্জাল’ ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যাঁরা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাঁদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি।’

তিনি বলেন,‘যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’

ছবিটি দেখে নিজের মুগ্ধতা জানিয়ে জয়া বলেন,‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে। আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে—সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী।’

‘ভালো বাংলা ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’- যোগ করেন এ তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত