বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন বিশ্ব মিডিয়ায় ফলাও করে প্রচারিত হয়। এরপর থেকেই ফুটবল এক অবিস্মরণীয় সেতুবন্ধ ঘটিয়েছে দুটি দেশের মধ্যে। ফুটবল দুনিয়ায় পশ্চাৎপদ বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা এখন আর্জেন্টাইনদের মুখে মুখে। তার সুফল পেতে শুরু করেছে বাংলাদেশের মানুষ। গতকাল ঢাকায় খোলা হয়েছে আর্জেন্টিনার দূতাবাস। সেই সঙ্গে দেশটির বিখ্যাত ক্লাব রিভার প্লেটের কর্তারা এসে শুরু করেছেন ফুটবল বিপণন। তারা বসেছেন বাংলাদেশের সর্বোচ্চ লিগের চারটি ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী, মোহামেডান ও শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্তাদের সঙ্গে। মূলত এ দেশে ইয়ুথ ফুটবল স্কুল খুলতে চায় রিভার প্লেট। ক্লাবটির ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল ফুটবল বিভাগের প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পেরেজের সঙ্গে চারটি ক্লাব বসেছিল আলাদা আলাদা সভায়।
সঙ্গে সভা শেষে পেরেজ বলেন, ‘এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই। তাই আমরা ভাবলাম ওই অনুভূতিটা আমরা ভাগাভাগি করি। শিশুদের ফুটবল শেখাই এবং সেটা হলে দারুণ হবে। যদি এখানকার ক্লাবগুলো অ্যাকাডেমি করতে চায়, তাহলে তাদের সঙ্গে কাজ করতে আমরা আগ্রহী। তাছাড়া আপনারা আর্জেন্টিনায় কিছু কোচ, শিশুকে পাঠাতে পারেন।’
বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার ভৌমিক অ্যাকাডেমির বিষয় নিয়ে বলেছেন, ‘চাইলে তাদের সঙ্গে যৌথভাবে অ্যাকাডেমি করা সম্ভব। আমাদের দেশে প্রচুর বিদেশি খেলোয়াড় খেলে, তো তাদের বলেছি, যদি আপনারা আমাদের আর্জেন্টাইন কোচ ও খেলোয়াড় দিতে পারেন, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। এগুলো নিয়েই তাদের সঙ্গে কথা হয়েছে আমাদের।’ আবাহনীর ডিরেক্টর ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘তারাও তাদের সব কর্মকাণ্ড তুলে ধরেছে। বাংলাদেশে তারা যে কোনো একটি ক্লাবের সঙ্গে আলোচনা করে অ্যাকাডেমি করতে চাচ্ছে, আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে তারা চায় বাংলাদেশ থেকে যেন কোচ ও খেলোয়াড় পাঠাতে পারি ট্রেনিং ও জ্ঞান অর্জনের জন্য।’ মোহামেডানের প্রতিনিধি ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘ওরা মূলত আলোচনা করেছে আমাদের অ্যাকাডেমি নিয়ে। ছয় বছর বয়সীদের থেকে শুরু করে তারা অ্যাকাডেমির প্রস্তাব দিয়েছে। আমরাও অভিজ্ঞ খেলোয়াড় লেনদেনের বিষয়টি জানতে চেয়েছি। যদিও এটা তাদের বিষয় নয়, তারপরও বলেছে বিষয়টি তারা দেখবে।’
আজ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাফুফে ভবন পরিদর্শনে আসবেন। বাফুফের সভাপতিসহ নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক ছাড়াও বাফুফের টার্ফে একটি প্রীতি ম্যাচ দেখবেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন।
