হালের জনপ্রিয় লেখক সাদাত হোসাইন এবারের মেলায় এনেছেন দুটি উপন্যাস। এর একটি হলো ‘শঙ্খচূড়’, প্রকাশনা অন্যপ্রকাশ। উপন্যাসটি ইতিহাস আশ্রিত। বর্তমান ক্ষমতাকাঠামো, রাজনীতি, ক্ষমতার কেন্দ্র ও প্রান্তের দ্বন্দ্ব এবং দ্বৈরথের সঙ্গে এর ঘটনাবলির সাদৃশ্য রয়েছে।
অপর উপন্যাস ‘সে এসে বসুক পাশে’ প্রকাশ করেছে অন্যধারা। এটি সমসাময়িক সম্পর্ক, সম্পর্কের সংকট ও নানাবিধ সমীকরণ নিয়ে লেখা। নিজের লেখালেখির বিষয়ে সাদাত বলেন, ‘আমি চারপাশের ঘটনা এবং আমার কল্পনাজগতের সঙ্গে তার সংস্রবকে অবচেতনে ধারণ করি। আর এর মধ্যে যা প্রকাশিত হওয়ার জন্য সবচেয়ে বেশি উন্মুখ হয়ে ওঠে বা প্রবল হয়ে ওঠে বলে মনে হয়, সেটিই প্রকাশ করি বা লেখি।’
এবারের বইমেলা ব্যক্তিগতভাবে তার জন্য ‘দারুণ’ জানিয়ে এই কথাসাহিত্যিক বলেন, ‘করোনাকালের সংকট কাটিয়ে যেন পুনরুজ্জীবিত এক বইমেলা উপভোগ করছি। তবে কাগজের দাম প্রভাব ফেলেছে পাঠকের ক্রয়ক্ষমতা এবং একই সঙ্গে প্রকাশকদের বই প্রকাশের সক্ষমতায়ও। এবার অনেক কম বই প্রকাশ পেয়েছে।’
নিজের লেখালেখির প্রভাব পাঠকের ওপর দেখতে পান জানিয়ে সাদাত আরও বলেন, ‘আমার মনে হয়, অবচেতনেই প্রিয় লেখকের লেখা, ভাবনা পাঠককে প্রভাবিত করে। অনুভূতিকে স্পর্শ করে।’
পাঠকের সঙ্গে নিজের স্মৃতিচারণা করতে গিয়ে সাদাত বলেন, ‘একবার কলকাতা বইমেলায় গেলাম। জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে এক প্রৌঢ় দম্পতি এসেছেন স্টলে। তারা এসে আমাকে জিজ্ঞেস করছেন, “সাদাত হোসাইন আছেন?” প্রকাশক আমাকে দেখিয়ে বললেন, “ইনি সাদাত হোসাইন।” কিন্তু তারা কিছুতেই বিশ্বাস করছেন না। বারবার বলছেন, “আরেহ, এ নাহ্। অন্দরমহল, মানবজনম বই লিখেছেন, বয়স্ক কোনো লেখক হবেন। আর এটুকু ছেলে ওই বই কীভাবে লিখবে!” তারা যখন সত্যি সত্যি বুঝলেন যে আমিই লেখক, তখন জড়িয়ে ধরলেন। বইয়ের চরিত্রগুলো নিয়ে আলোচনা করলেন, কাঁদলেন, আশীর্বাদ করলেন। আরেকবার কুনাল ভট্টাচার্য নামে একজন বয়স্ক ভদ্রলোক, কানে শোনেন না। তাকে বাড়ি থেকে কেউ একা বের হতে দেয় না। কলকাতা থেকে অনেক দূরে থাকেন। উনি আমার এক প্রোগ্রামে আমার সঙ্গে দেখা করবেন বলে লুকিয়ে বাড়ি থেকে চলে এসেছিলেন।’
সাদাত হোসাইন আরও বলেন, ‘ফেসবুকের যুগেও বই থেকে প্রকাশনীর ঠিকানা নিয়ে শত শত পাঠক যে প্রকাশনীর ঠিকানায় চিঠি পাঠান...বইমেলায় অটোগ্রাফ নিতে এসে এমন সব কাণ্ড করেন, কখনো বিব্রতও হতে হয়। তবে একজন লেখকের জন্য পাঠকের ভালোবাসার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নেই, বড় পুরস্কারও কিছু নেই।’
সাদাত হোসাইনের জন্ম ১৯৮৪ সালের ২১ মে, মাদারীপুর জেলার কালকিনি থানার কয়ারিয়া গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন।
তার লেখা আলোচিত উপন্যাসগুলো হলো ‘আরশিনগর’, ‘অন্দরমহল’, ‘মানবজনম’, ‘নিঃসঙ্গ নক্ষত্র’, ‘নির্বাসন’, ‘ছদ্মবেশ’, ‘মেঘেদের দিন’, ‘অর্ধবৃত্ত’। এ ছাড়া লিখেছেন কবিতার বই। সাদাত চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত।
তিনি জিতেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমির শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকার পুরস্কার, এসবিএসপি-আরপি ফাউন্ডেশন সাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের চোখ সাহিত্য পুরস্কার, শুভজন সাহিত্য সম্মাননা ও এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।
