মতিয়া চৌধুরী বললেন

বিএনপি নির্বাচনে এলে আমরা খুশি হব

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৮ এএম

জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমাদের শাসনতন্ত্রে কি কোথাও লেখা আছে কোনো দল নির্বাচন না করলে সেটি গ্রহণযোগ্য হবে না। নির্বাচন হবে অংশগ্রহণমূলক।   দেশের বিভিন্ন দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। আর বর্তমান সংসদ এমন কোনো ভুল কাজ বা গণবিরোধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাটাই বাতিল করতে হবে। এই ধরনের কোনো সিদ্ধান্ত জনগণও নেয়নি, আর সংবিধান ও শাসনতন্ত্রে নেই। তারা (বিএনপি) নির্বাচনে এলে আমরা খুশি হব।’

সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কৃষকদের ভর্তুকির ব্যাপারে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘কৃষিক্ষেত্রে যথেষ্ট ভর্তুকি দেওয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টা দেশে দেয়? আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করব আপনারা পর্যালোচনা করে দেখেন। সেটার তুলনামূলক চিত্র আপনারাই তুলে ধরেন। কাগজপত্র বিশ্লেষণ করে এটা সম্পর্কে আপনারা স্টোরি করেন। তারপর  দেখা যাবে আমরা সবাইকে কম দিই, নাকি বেশি দিই।’

এর আগে তিনি জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,  গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত