ঠুনকো অভিযোগে দিনকাল বন্ধ করে পার পাওয়া যাবে না

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

কোনো ঠুনকো অভিযোগ দিয়ে দিনকাল বন্ধ করে পার পাওয়া যাবে না মন্তব্য করে গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরিয়ে আনার লক্ষ্যে দৈনিক দিনকাল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন সাংবা‌দিক নেতারা।

আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন (বিআরজেএ)-এর আয়োজনে দৈনিক দিনকাল পত্রিকার ডিক্লারেশন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসব কথা ব‌লেন সাংবা‌দিক নেতারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, আমরা বারবার কর্মসূচি দেওয়ার প‌রেও এই সরকার কানে পানি দিচ্ছে না। কোনো ঠুনকো অভিযোগ দিয়ে দিনকাল বন্ধ করে পার পাওয়া যাবে না। গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরিয়ে আনার লক্ষ্যে দৈনিক দিনকাল খুলে দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের নির্যাতন-হয়রানি করা হচ্ছে। স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য বিভিন্ন কালাকানুন বাস্তবায়ন করছে। গণতন্ত্র স্বাধীনতা এবং আওয়ামী লীগ একসাথে চলতে পারে না। যতদিন পর্যন্ত দৈনিক দিনকাল আমার দেশ খুলে দেওয়া না হবে সাংবাদিক নির্যাতন বন্ধ করা না হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত সরকার পতনের আন্দোলন চলতেই থাকবে।

সংগঠনের সভাপতি সাখাওয়াৎ হোসেন ইবনে মইন চৌধুরীর সভাপ‌তি‌ত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এম এ আজিজ, আব্দুল হাই সিকদার, বাকের হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, রাশেদুল হক, আমিরুল ইসলাম কাগজী, শাহজাহান সাজু, দিদারুল আলম প্রমুখ।

পরে জাতীয় প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিকদের নিয়ে দিনকাল বন্ধ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। ফোরাম নেতা রুহুল আমিন গাজী, শওকত মাহমুদ, এম আব্দুল্লাহ, নুরুল আমিন রুকন, এম এ আজিজ, কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম, বাকের হোসেন, জাহাঙ্গীর আলম প্রধান, ইলিয়াস খান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত