বিপিএলের দুর্দান্ত ফর্মটা ইংল্যান্ড সিরিজেও ধরে রাখলেন নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ওপেনার ওয়ানডে ক্যারিয়ারের ১৬তম ম্যাচে এসে পেলেন প্রথম ফিফটির দেখা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শান্ত ব্যাট করতে নামেন তিন নম্বরে।
শুরু থেকেই দারুণ খেলছিলেন শান্ত। জফরা আর্চারের করা ৩১তম ওভারে পঞ্চম বলটি লং লেগের দিকে ঠেলে দিয়েই এক রান নেন। পূরণ করেন ফিফটি। এজন্য তাকে খেলতে হলো ৬৭ বল।
আগের ১৫ ওয়ানডেতে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৩৮। ১৭ টি-টোয়েন্টি খেলেও কোনো ফিফটি পাননি এখনো। অর্থাৎ সাদা বলে প্রথম ফিফটি পেলেন এই ব্যাটার।
২১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে অবশ্য তিনটি ফিফটির সঙ্গে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৩৩ ওভারে ১৪২/৪। শান্ত ৫১ ও মাহমুদউল্লাহ ২০ রান নিয়ে ব্যাট করছেন।
