জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা জীবন শাহাদাৎ। গত বছরের মতো এবারও তার চলচ্চিত্র দেখানো হবে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই আয়োজন শুরু হবে ১৬ মার্চ থেকে। জীবন দেশ রূপান্তরকে জানান, নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার চলচ্চিত্র যাত্রার অভিজ্ঞতা খুবই মধুর। এবার যখন জানতে পারি, আমার শর্টফিল্ম ‘নেমপ্লেট’ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে, তখন তাদের ১৭ মার্চ আমার দেশের জাতির পিতার জন্মদিনের মাহাত্ম্যের কথা জানাই। দিনটি আমাদের দেশের মানুষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সে কথাও জানাই। সব শুনে তারা খুবই সম্মানের সঙ্গে আমার সিনেমাটি ১৭ মার্চেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। এটা আমার জন্য পরম পাওয়া। আমি জাতির জনকের জন্মদিনে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাচ্ছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, এটা সত্যিই অনবদ্য বিষয়। আমি আপ্লুত ও গর্বিত। আমার সঙ্গে সিনেমাটোগ্রাফার শাহরিয়ার চয়নও যাচ্ছেন।’ নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসর। চলবে ১৬ থেকে ২০ মার্চ পর্যন্ত। এই উৎসবের ষষ্ঠ আয়োজনে বিশ্বের ৬০টির বেশি দেশের জমা পড়া আড়াই শতাধিক সিনেমা থেকে ৯৫টি সিনেমা বাছাই করা হয়েছে। জীবনের ‘নেমপ্লেট’ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ ও খন্দকার সুমনের ‘সাঁতাও’ ছবি দুটি।
×
