চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্রতিটি কাউন্টারে দিনে গড়ে টিকিট বিক্রি হয় প্রায় ৬০ হাজার টাকার। আর বৃহস্পতি ও শনিবার তা বেড়ে যায় এক লাখ টাকা পর্যন্ত। গতকাল বুধবার বিক্রি হয়েছে আগামী রবিবারের যাত্রার টিকিট এবং টাকায় গড়মূল্য ছিল প্রায় ৩০ হাজার টাকা। এ তথ্য কাউন্টারের বুকিং সহকারীদের কাছ থেকে নেওয়া।
তবে নিবন্ধনের কারণে যে টিকিট বিক্রি কিছুটা কমে যাবে এ কথা পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের কথায়ও উঠে এসেছে। তিনি নিবন্ধন ইস্যুতে সম্প্রতি দেশ রূপান্তরকে বলেছিলেন, আগামী দুই মাস হবে অন্তর্বর্তীকালীন সময়। এ সময়ে টিকিট বিক্রিতে কিছুটা ভাটা কিংবা মানুষ নতুন এ পদ্ধতি মানতে চাইবে না। কিন্তু না মেনে উপায় নেই। নিবন্ধন ছাড়া মেশিন থেকে টিকিট সংগ্রহ করা যাবে না।
গতকাল সকাল থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৫ নম্বর কাউন্টারে টিকিট বিক্রি করেছেন বুকিং সহকারী আরিফ হোসেন। তিনি বলেন, ‘অনেক যাত্রী নিবন্ধন ছাড়াই আগের নিয়মে টিকিট সংগ্রহ করতে এসেছেন। তখন আমরা রেলওয়ের হেল্প ডেস্ক থেকে নিবন্ধন সম্পন্ন করে লাইনে দাঁড়াতে বলি। যারা নিবন্ধন করতে পেরেছেন তারা টিকিট সংগ্রহ করতে পেরেছেন। আবার অনেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আনেনি বলে ফিরে গেছেন। এ জন্য আমাদের কাউন্টারে কোনো ভিড় ছিল না, হেল্প ডেস্কেই ভিড় বেশি দেখা যায়।’
এ সময় একাধিক বুকিং সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, ফেরত যাওয়া যাত্রীদের হার কিন্তু কম ছিল না। আর এর প্রভাব পড়েছে টিকিট বিক্রির টাকায়। ছয়টি কাউন্টারে গড়ে ৩০ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। অন্যান্য সময় তা ৫০ থেকে ৬০ হাজার টাকার পর্যন্ত টিকিট বিক্রি হয়ে থাকে।
নতুন এ পদ্ধতিতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে বলে উল্লেখ করে পূর্বাঞ্চলীয় রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক আবিদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘স্বাভাবিকভাবে নতুন কিছু চালু হতে সময় নেই। এখানেও এর ব্যতিক্রম হবে না। তবে আমাদের হেল্প ডেস্কের কারণে যাত্রীরা স্টেশনে এসে নিবন্ধন করতে পারছে। এ জন্য কাউন্টারের তুলনায় হেল্প ডেস্কে ভিড় বেশি দেখা গেছে।’
রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দেশেই প্রথম দিনে সাড়া কিছুটা কম হয়েছে। তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলে রেলওয়ে কর্তাদের ধারণা।
এদিকে গতকাল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে এ নিবন্ধন প্রক্রিয়া। এতে একজনের টিকিট দিয়ে আরেকজন ভ্রমণ করতে পারবে না। এতে কালোবাজারিদের দৌরাত্ম্য কমে যাবে।
১ মার্চ থেকে নিবন্ধনধারী ছাড়া কেউ ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবে না। এ জন্য প্রত্যেক যাত্রীকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BR-Space-NID number- Space- Date of Birth (সাল, মাস, দিন ফরম্যাটে) লিখে ২৬৯৬৯ নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে নিবন্ধন সফল না ব্যর্থ হয়েছে তা জানা যাবে। বিদেশি নাগরিকরা পাসপোর্ট নম্বর ও ছবি দিয়ে নিবন্ধন আপলোড করবে। ১২-১৮ বছর বয়সীরা জন্ম নিবন্ধন সনদ আপলোড করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারবে। নিবন্ধন হয়ে যাওয়ার পর রেলওয়ে অ্যাপসের মাধ্যমে টিকিট কাটা যাবে। একই সঙ্গে যদি কেউ কাউন্টারে গিয়ে সংগ্রহ করতে চায় তিনি মোবাইল নম্বর বললে বুকিং সহকারী সেই নম্বরের বিপরীতে এনআইডি নম্বর ও নাম পেয়ে যাবে এবং যাত্রীকে টিকিট দেবে। তখন যে টিকিট প্রিন্ট করা হবে সেই টিকিটে যাত্রীরা নাম ও এনআইডি নম্বর থাকবে।
১০০ পস মেশিন হস্তান্তর : গতকাল রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এনআইডির মাধ্যমে নিবন্ধন করে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকেটিং চালু ও টিকিট চেকিং ব্যবস্থার ডিজিটালাইজেশনে ‘পস মেশিন’ হস্তান্তর করা হয়েছে। গতকাল রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ মেশিন হস্তান্তর করেন।
বাসস জানায়, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথমন্ত্রী বলেছেন, এখন থেকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন ছাড়া টিকিট কেনা করা যাবে না। তিনি বলেন, প্রথম পর্যায়ে শুধু আন্তঃনগর ট্রেনের টিকিটের জন্য এ ব্যবস্থা চালু হলেও পর্যায়ক্রমে লোকাল ট্রেনেও এটি কার্যকর করা হবে।
‘টিকিট যার ভ্রমণ তার’ এই স্লোগানকে সামনে রেখে ‘স্মার্ট রেলওয়ে’ গঠনের অংশ হিসেবে এ ব্যবস্থা চালু করা হলো উল্লেখ করে নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমরা যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য একাধিক কার্যক্রম হাতে নিয়েছি। এতদিন টিকিট প্রাপ্তির ক্ষেত্রে যে অভিযোগ ছিল, তা থেকে বের হওয়ার জন্যই ‘টিকিট যার ভ্রমণ তার’ কার্যক্রম আমরা শুরু করেছি, যা আজ (গতকাল) থেকে কার্যকর হচ্ছে।’
রেলপথমন্ত্রী বলেন, এখন থেকে অন্যের টিকিটে ভ্রমণ করলে বিনা টিকিটের যাত্রী হিসেবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া টিটিইদের কাছে পস মেশিন সরবরাহ করা হচ্ছে, যার মাধ্যমে তারা বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে এবং এ টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। এখন থেকে অনলাইনে টিকিট বাতিলের জন্য আর কাউন্টারে যেতে হবে না, অনলাইনেই টিকিট বাতিল করা যাবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান ও অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী এ সময় উপস্থিত ছিলেন।
