মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন চালু

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৬:৪৯ এএম

রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে এখন যাত্রীরা মেট্রোরেলে ওঠানামা করতে পারবেন। গতকাল বুধবার সকালে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) স্টেশনটি চালু করে।

এর আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী ও উত্তরা সেন্টার স্টেশন। মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হওয়ায় মেট্রোরেলের পাঁচটি স্টেশনের যাত্রা শুরু হলো। এখন উত্তরা-আগারগাঁও অংশের চার স্টেশন‘উত্তরা দক্ষিণ’, ‘মিরপুর-১১’, ‘কাজীপাড়া’ ও ‘শেওড়াপাড়া’ এই চারটি স্টেশন চালু হওয়ার অপেক্ষায় থাকল।

গতকাল সকাল ৮টা থেকে স্টেশন যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ।  প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, মার্চের মধ্যেই উত্তরা-আগারগাঁও অংশে থাকা সব স্টেশনে মেট্রোরেলের যাত্রাবিরতি দেওয়া শুরু হবে। আর জুলাই থেকে পুরোদমে শুরু হবে ট্রেন চলাচল। তখন ভোর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল। গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের লাইন-৬-এর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ী) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন থেকে এই দুই স্টেশনের মধ্যে বিরতিহীন ট্রেন চালু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত