একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ময়মনসিংহের পলাতক আসামি মো. ফখরুজ্জমানকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর গোড়ান এলাকা থেকে ৬৬ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার এটিইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এটিইউ জানায়, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের গোলকীবাড়ী বাইলেনের প্রখ্যাত ভাস্কর আবদুর রশিদকে অপহরণের পর জিপ গাড়ির পেছনে রশি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে নির্মমভাবে হত্যা ও মরদেহ গুমের অপরাধে ফখরুজ্জমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২০ ফেব্রুয়ারি মো. ফখরুজ্জামানসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
