শ্রমের টাকা চাওয়ায় প্রাণ গেলো দিনমজুরের

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৮:৫২ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মজুরির পাওনা টাকা নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে জয়নউদ্দীন নামে এক দিনমজুরকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার জাবরহাট ইউনিয়নের বিদ্ধিগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া জানায়, বিদ্ধিগাঁও গ্রামের দিন মজুর জয়নউদ্দীন কয়েকদিন আগে একই এলাকার ফরহাদ হোসেনের সরিষা ক্ষেতে দিন হাজিরায় কাজ করে। কয়েক দিন কাজ করার পর মালিক ফরহাদের কাছে মজুরির ১ হাজার ২০০ টাকা বকেয়া পড়ে।

বুধবার সন্ধ্যায় বিদ্ধিগাঁও বাজারে ফরহাদের কাছে মজুরির পাওনা চাইলে এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরহাদের ছেলে কামরুজ্জামান দিনমজুর জয়নউদ্দীনের গলা টিপে ধরে। এতে ঘটনাস্থলেই জয়নউদ্দীনের মৃত্যু হয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, বিদ্ধিগাাঁও বাজারে একজনকে হত্যা করার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত