ইস্ট ওয়েস্টের সমাবর্তন

‘স্মার্ট বাংলাদেশ তৈরিতে শিক্ষা ব্যবস্থার রূপান্তর’

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:০০ এএম

স্মার্ট বাংলাদেশ তৈরি করতে আমরা শিক্ষা ব্যবস্থার রূপান্তর করছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত নতুন কারিকুলাম প্রণয়ন করেছি, সেটি চালু হয়েছে। ২০২৫ সাল নাগাদ প্রাথমিক ও পুরো মাধ্যমিকে বাস্তবায়ন হবে। আমাদের শিক্ষার্থীরা আগে মুখস্থ করত, আত্মস্থ করতে পারত না। এখন আনন্দের মধ্যদিয়ে শিখবে। অভিজ্ঞতা ভিত্তিক সক্রিয় শিখন হবে। যা শিখবে বাস্তবে তা প্রয়োগ করতে শিখবে।

 পরীক্ষা ভীতি থাকবে না। পরীক্ষা কিছু থাকবে কিন্তু অধিকাংশই হবে ধারাবাহিক মূল্যায়ন।’

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, আমরা তৃতীয় শ্রেণি থেকে শিক্ষার্থীদের কোডিং শেখাব। ৬ থেকে ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের কোডিং, ডিজাইনএগুলো শেখানো হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে আর ধাক্কা খাবে না। তারা স্কুল থেকেই তৈরি হয়ে আসবে। আমরা চাই প্রতিটি পর্যায়ে বয়স অনুযায়ী সব শিক্ষার্থী যত বিষয়ই পড়ুক না কেন ভাষা, আইসিটি, সফট স্কিল শিখবে। শিক্ষার্থীরা বিভিন্ন দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা শিখবে। উদ্যোক্তা হতে শিখবে। মূল্যবোধ শিখবে।

সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক রওনক জাহান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সৈয়দ মঞ্জুর এলাহী, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপউপাচার্য ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন, ট্রেজারার ইশফাক ইলাহী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত