টানা সিরিজ জয়ের রেকর্ড ধরে রাখার চ্যালেঞ্জ

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০২:২১ এএম

২০১৬ সালে ইংল্যান্ডের কাছে শেষবার ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। তার আগে ২০১৪ থেকে ঘরের মাঠে টানা ছয় সিরিজ জয়ের সাফল্য ছিল টাইগারদের। ২০১৬তে ইংল্যান্ডের কাছে ২-১ এ সিরিজ হারের পর গত ডিসেম্বরে ভারতকে হারানো পর্যন্ত টানা সাত সিরিজ জয়ের তৃপ্তি আছে। সিরিজে ১-০তে এগিয়ে গিয়ে ইংল্যান্ড আবারও বাংলাদেশের দুর্গ ভাঙার পথে এগিয়ে আছে। শেষবার প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয়টিতে জিতে বাংলাদেশ সিরিজে সমতা আনে। তবে চট্টগ্রামে হেরে সিরিজ আর হাতে তোলা হয়নি বাংলাদেশের। ঠিক একই অবস্থা আবার। মিরপুরে আজ জয়ে না ফিরলে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে বাংলাদেশের। সেই সঙ্গে ওয়ানডে সুপার লিগে হোমে অক্ষত থাকার রেকর্ডও ভেঙে যাবে। অবশ্য আজ বাংলাদেশ জিতলে হোমে অজেয় থাকার রেকর্ড ধরে রাখার আশা টিকে থাকবে।

বাংলাদেশ সবশেষ নিজেদের ইতিহাসের সাফল্যের বছরেই প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছিল। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ২০১৫ সালে প্রথম ম্যাচ হারের পর টানা দুই ম্যাচ জিতে ২-১ এ সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। ওই সিরিজ বাদে ২০০৫ সালে জিম্বাবুয়ের সঙ্গেও লড়াইয়ে ফেরার দারুণ নজির গড়ে বাংলাদেশ। সেবার সিরিজে ২-০তে পিছিয়ে পড়েও শেষ তিন ম্যাচ জিতে ৩-২ এ সাফল্য পেয়েছিল বাংলাদেশ।

সিরিজে টিকে থাকতে কাল শেষ মুহূর্তে দলে পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। বিপিএল ভালো করা শামিম হোসেনকে যুক্ত করায় বাংলাদেশ দল এখন ১৫ জনের। আগে টি-টোয়েন্টি দলে থাকা যুব বিশ্বকাপজয়ী শামিম এই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন। নির্বাচকরা বলছেন চোটগ্রস্ত দুজনের ব্যাকআপ হিসেবে আনা হয়েছে তাকে। তার খেলার সম্ভাবনা কম। খেললেও অতিরিক্ত ফিল্ডার হিসেবে নামতে পারেন।

প্রথম ম্যাচে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমই বেশি দায়ী থাকবেন। দুজনই স্পিনারদের বিপক্ষে সøগ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। মিরপুরের উইকেট বুঝে খেলার অভিজ্ঞতা তারা কাজে লাগাতে ব্যর্থ। এ নিয়ে মুশফিক চিন্তিত থাকলেও, সাকিব চিন্তায় ছিলেন বলে মনে হয় না। ম্যাচের পরদিন ঐচ্ছিক অনুশীলন থাকলেও মুশফিক দলের কোচিং স্টাফদের নিয়ে গতকাল চলে আসেন মিরপুরে। করেছেন ব্যাটিং অনুশীলন। প্রথম ম্যাচে ৩৪ বলে ১৬ রানে আউট হওয়ার ভুল নিয়ে কাজ করেছেন অবশ্যই। অনুশীলনের এক পর্যায়ে নেট বোলারের থ্রোতে বল হাতে লাগায় ব্যথাও পেয়েছেন। অবশ্য বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন মুশফিকের চোট গুরুতর নয়। এদিকে সাকিব কাল ম্যাচে আগের দিন সন্ধ্যায় ছিলেন নিজের স্পন্সর কাজ নিয়ে ব্যস্ত। টিম হোটেল ত্যাগ করে একটি ব্র্যান্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এ কারণেই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন কাল সন্ধ্যায় বিরক্তি নিয়েই উপস্থিত হয়েছিলেন টিম হোটেলে।

ক্রিকেটারদের ভুল শটে আউট হওয়াই প্রথম ম্যাচে বাংলাদেশের হারের কারণ। পাশাপাশি বিপক্ষে একজন ডাভিড মালান থাকলে চ্যালেঞ্জটা বেশি। প্রথম ম্যাচে জস বাটলার, জেসন রয়দের মতো বিধ্বংসী ব্যাটারদের দ্রুত ফেরাতে পেরেছেন বোলাররা। কিন্তু মালানকে ফেরাতে পারেননি। গত ১০ বছরে প্রিমিয়ার লিগ ও বিপিএল মিলিয়ে বাংলাদেশে ৫০টির মতো ম্যাচ খেলা মালান প্রথমবার দেশের জার্সিতে বাংলাদেশের মাটিতে খেলতে নামেন। আর প্রথম ম্যাচেই অপরাজিত সেঞ্চুরি করেছেন। এটা অবশ্যই ওই ৫০ ম্যাচ খেলার ফল। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রথম ম্যাচে খাদের কিনারা থেকে তুলেছেন দলকে। দ্বিতীয় ম্যাচেও তাই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ মালান। তাকে দ্রুত ফেরানো গেলেই বাংলাদেশের অর্ধেক কাজ এগিয়ে থাকবে।

কোচ হাথুরুসিংহের অধীনে স্পিন শক্তি নিয়েই শুরু করেছে বাংলাদেশ। মিরপুরের পিচে স্পিন খেলা রপ্ত করা মালান সেই শক্তিকে দমিয়ে দিয়েছেন। আজও একই পরিণতি হলে সাত সিরিজ পর দেশের মাটিতে সিরিজ হারের স্বাদ নিতে হবে বাংলাদেশকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত