জেসন রয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে দাপট ধরে রেখে এগোচ্ছিল ইংল্যান্ড। ৩৬তম ওভারে অবশেষে তাকে ফেরালেন সাকিব আল হাসান। পরের ওভারেই উইল জ্যাকসকে তুলে নিলেন তাসকিন আহমেদ। তাতে কিছুটা হলেও যেন স্বস্তি ফিরল বাংলাদেশ শিবিরে।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ। টস জিতে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রথম ওয়ানডেতে হারা তামিম ইকবালের দল। ইংল্যান্ড রয়ের ১২তম সেঞ্চুরিতে পায় দারুণ ভিত।
৩৬তম ওভারে সাকিব আল হাসানের বলে কাটা পড়েন রয়। ১২৪ বলে ১৮ চার ও ১ ছক্কায় ১৩২ রানের ইনিংস উপহার দেন তিনি। এই ইনিংসের পথে রয় দারুণ দুটি জুটি গড়েন। চতুর্থ উইকেটে জস বাটলারের সঙ্গে গড়েছেন ৯৩ বলে ১০৯ রানের জুটি। ডেভিড মালানকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৫৮ রান যোগ করেছেন।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে এই রয়ের ব্যাটেই হার মানতে হয়েছিল বাংলাদেশকে। ১০৬ রানে হারের সেই ম্যাচে রয় খেলেছিলেন ১৫৩ রানের ইনিংস। ইংল্যান্ড তাতে ৩৮৬ রানের পুঁজি গড়েছিল।
এদিন রয় সেদিনের ইনিংসকে ছাড়িয়ে যান কি-না, সেই শঙ্কাই জেগেছিল। শেষ পর্যন্ত সাকিব সেটি হতে দেননি। ওয়ানডেতে রয়ের সর্বোচ্চ ইনিংস ১৮০।
রয় চতুর্থ ব্যাটার হিসেবে প্যাভিলিয়নে ফেরেন। এরপর উইল জ্যাক মাত্র ১ রান করেই বিদায় নেন। ফলে ৩৬.৪ ওভারে ২০৮ রানে ৫ উইকেট পেড়েছে ইংলিশদের।
এখন অধিনায়ক জস বাটলারের সঙ্গে ব্যাট করছেন মইন আলি।
