আহমদিয়াদের বাড়িঘরে হামলা আগুন, সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০৬:৪০ এএম

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায় (কাদিয়ানি) আয়োজিত সালানা জলসা বন্ধের দাবিতে বিক্ষোভের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় আরিফুর রহমান (২৮) নামে এক যুবক মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ছাড়াও পুলিশ সদস্য, সাংবাদিকসহ আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। অন্যদিকে বিক্ষোভকারীরা জাহিদ হাসান (২৩) নামে আহমদিয়া সম্প্রদায়ের এক যুবককে কুপিয়ে হত্যা করে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার পর পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে সংঘর্ষের শুরু হয়; যা ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন জায়গায়, চলে সন্ধ্যার পর পর্যন্ত। সংঘর্ষের সময় তৌহিদি জনতার ব্যানারে আহমদিয়া সম্প্রদায়ের মানুষের বেশ কিছু বাড়িঘর ও দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।

রাত ৮টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সালানা জলসা আয়োজনের অনুমতি বাতিলের ঘোষণা দিয়ে শহরে মাইকিং করার পর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৭ প্লাটুন বিজিবি ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা পর্যন্ত বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তবে কতজনকে আটক করা হয়েছে, সেটা তাৎক্ষণিক জানা যায়নি।

গতকাল জুমার নামাজের পর পঞ্চগড় পৌরসভা এলাকার কয়েকটি মসজিদ থেকে বিক্ষোভকারীরা পঞ্চগড় সিনেমা হল রোডসহ চৌরঙ্গী এলাকায় একত্র হয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। তাদের সঙ্গে এলাকার বাইরের অচেনা অনেক মানুষকে যোগ দিতে দেখা যায়। বিক্ষোভকারীরা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে লাঠিচার্জ শুরু করলে বিক্ষোভকারীরা পাল্টা পুলিশকে ধাওয়া দেয়। তখন পুলিশ পিছু হটে। পরে বিক্ষোভকারীরা সিনেমা হল রোডে আহমদিয়াদের মালিকানাধীন দুটি দোকান ভাঙচুর করে মালামাল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া করতোয়া নদীর পাড়ে ট্রাফিক পুলিশ অফিস ভাঙচুর করে আগুন দেওয়া হয়। এ সময় সাতটি মোটরসাইকেলও পোড়ানো হয়। একই সময় ধাক্কামারা গোল চক্করে পুলিশ বক্স ভাঙচুর করে আগুন দেওয়া হয়। সেখানেও কয়েকটি দোকানে ভাঙচুর চলে। পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। ভাঙচুর ও আগুনের ছবি তুলতে গেলে এসএ টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান টুটুলকে বেধড়ক মারধর করে বিক্ষোভকারীরা। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিককে ছবি তুলতে গেলে লাঞ্ছিত করা হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা জেলা শহরের অদূরে আহাম্মদনগর গ্রামে আহমদিয়াদের জলসা অভিমুখে মিছিল নিয়ে রওনা হলে চৌরঙ্গী মোড় এলাকায় পুলিশ মিছিলটিকে আটকে দেয়। সেখান থেকে বিক্ষোভকারীরা জেলা শহরের সিনেমা হল সড়কে পিছু হটে। বিকেলে করতোয়া নদী হেঁটে ও নৌকায় পার হয়ে কিছু মানুষ আহম্মদনগরে ঢুকে আহমদিয়াদের অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করে তাতে আগুন জ¦ালিয়ে দেয়। এ সময় তাদের হামলায় আহমদিয়া সম্প্রদায়ের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ধাক্কামারা এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল একদল জনতা। এ সময় আহম্মদনগর এলাকার আহমদিয়া সম্প্রদায়ের ওপর বিক্ষিপ্তভাবে হামলা চলছিল বলে জানা গেছে। হামলার ঘটনায় শহরের বিভিন্ন এলাকার বিদ্যুতের ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাবের সদস্যরা যোগ দেন। কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়েন তারা। এ সময় বিক্ষুব্ধ লোকজন পুলিশ ও বিজিবির গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছিলেন।

সংঘর্ষে নিহত আরিফুর রহমান পঞ্চগড় পৌরসভার মসজিদপাড়া এলাকার বাসিন্দা। তিনি শহরের একটি প্রিন্টিং প্রেসের ব্যবস্থাপক ছিলেন। সংঘর্ষের সময় তিনি নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন বলে তার স্বজনরা দাবি করেছেন। পঞ্চগড় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরী আরিফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, দুপুরে শহরের মসজিদপাড়া এলাকায় সংঘর্ষের সময় আরিফুরের মাথায় গুলি লাগে। তাকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রংপুরে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

পঞ্চগড় সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল আলম দেশ রূপান্তরকে জানান, নিহত আরিফুরের মাথায় গুলির আঘাত ছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে পাঠানো হয়।

আহমদিয়া সম্প্রদায়ের কুপিয়ে হত্যা করা জাহিদ হাসানের বাড়ি নাটোরের বনপাড়া এলাকায় বলে জানা গেছে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আহ্বায়ক আহমদ তবশের চৌধুরী অভিযোগ করে বলেন, বিক্ষোভকারীরা জাহিদ হাসানকে করতোয়া নদীর ধারে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করে।

পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা গতকালের সহিংসতায় দুজনের মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে পঞ্চগড় সদর থানার এসআই কাউয়ুম আলী, ভবেশ চন্দ্র পাল, ট্রাফিক পরিদর্শক কাজী কামরুল ইসলাম, এএসআই মো. আবদুল্লাহ, পুলিশ সদস্য আল-আমিন, ফরিদুর রহমান ও কামরুজ্জামানের নাম পাওয়া গেছে। আহত অন্য ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি।

আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার মিডিয়া সেলে কর্মরত মাহমুদ আহমাদ গণমাধ্যমকে বলেন, তাদের অন্তত ৩০ থেকে ৪০টি বাড়িতে আগুন দেওয়া হয়েছে। সেই সঙ্গে হামলা করে অনেককে আহত করা হয়েছে।

রাত ৯টার দিকে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা দেশ রূপান্তরকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহমাদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে। তারা জলসা বন্ধ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আশ্বাস দিয়েছেন।’

কাছাকাছি সময়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা সালানা জলসা আয়োজনের অনুমতি বাতিল করেছি। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এ ছাড়া শহরে পর্যাপ্ত র‌্যাব, পুলিশ ও বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসা বন্ধের দাবিতে শহরের চৌরঙ্গী মোড়ে তেঁতুলিয়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখাসহ বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। পরে আহমদিয়া সম্প্রদায়ের বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। তবে গতকাল দুপুরে মিছিল বের করার বিষয়ে ইসলামী আন্দোলনের নেতারা অস্বীকার করেছেন। মসজিদ থেকে লোকজন নিজেরাই মিছিল বের করে বলে তাদের দাবি।

সালানা জলসা বন্ধের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আহমদিয়াদের সালানা জলসা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বাদ জুমা ‘অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশের’ উদ্যোগে এ সমাবেশ হয়। কমিটির বাংলাদেশের আমির আতিকুর রহমান নান্নু মুন্সির নেতৃত্বে সমাবেশে পঞ্চগড়ে সালানা জলসা বন্ধের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত