চলতি মাসে শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দেখা দিতে পারে কয়েকটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। একই সঙ্গে এ মাসে বৃষ্টিও হতে পারে স্বাভাবিকের চেয়ে কম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মাসমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবাহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ৮-১০ তারিখের পর তাপমাত্রা কিছুটা বাড়বে। এ সময় হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া একই সময় তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা রয়েছে। তবে মার্চ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, মার্চ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। সেই সঙ্গে এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানির প্রবাহ বিরাজমান থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, চলতি মাসে দেশে দুই বা তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের এবং এক দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
