প্রায় তিন বছর পর বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো চুয়াডাঙ্গার দর্শনা-গেদে ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে এ পথ দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সব ধরনের ভিসা ইস্যু করবে ভারতীয় হাইকমিশন।
গত বৃহস্পতিবার থেকে চেকপোস্টটি খুলে দেওয়া হয়।
জানা গেছে, করোনা মহামারির কারণে ২০২০ সালের ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্ক রোগী ও বিজনেস ভিসা চালু হলেও ২০২১ সালের ৫ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়।
এরপর থেকে প্রায় তিন বছর এ পথে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে না পারলেও ভারতীয়রা এ চেকপোস্ট দিয়ে চলাচল করছিল। তবে রেলপথে এ বন্দর দিয়ে মালামাল আমদানি চালু ছিল। দর্শনা-গেদে রুটে এতদিন ভিসা না দেওয়ায় ভারত ভ্রমণে বাংলাদেশিরা ভীষণ বিড়ম্বনায় পড়েছেন।
সংশ্লিষ্টরা জানান, দর্শনা-গেদে রুটে ভারতে প্রবেশের পর, কলকাতায় যাওয়া সহজ ও খরচও কম হয়। মাত্র ৩৫ টাকার টিকিট কেটে গেদে রেলস্টেশন থেকে কলকাতা যাওয়া যায়। গেদে স্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন চলাচল করে কলকাতার শিয়ালদহ পর্যন্ত। বিদ্যুৎচালিত এ ট্রেনে কলকাতা পৌঁছাতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা।
এ ছাড়া দর্শনা থেকে দেশের যেকোনো শহরে যাতায়াত সুবিধাও বহুগুণে বেশি।
দর্শনা-গেদে চেকপোস্টটি উন্মুক্ত হওয়ায় বাংলাদেশ ও ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন এ রুটের নিয়মিত যাতায়াতকারীরা।
দর্শনার জয়নগর ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম জানিয়েছেন, ভারতের গেদে ও মাহাদিপুর সীমান্তে ভ্রমণ ভিসা চালু করা হয়েছে।
